“বিজেপি একটা জালিয়াতির দল!” তালড্যাংরার সভা থেকে মোদীকে তীব্র আক্রমণ অভিষেকের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পারদ সপ্তমে চড়িয়ে বাঁকুড়ার তালড্যাংরায় জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিবড়দা কলেজ মাঠের জনসভা থেকে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন তিনি। অভিষেকের সাফ কথা, “বিজেপি একটা জালিয়াতির দল। ওখানে কোনও ভালো মানুষ নেই, শুধু অসভ্য আর গুণ্ডাদের আস্তানা।” এমনকি শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তদের বিজেপি প্রার্থী করেছে বলেও তিনি তোপ দাগেন।

এদিন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে তুলোধোনা করেন অভিষেক। তিনি বলেন, “রান্নার গ্যাস ৪০০ থেকে ১০০০ টাকা হয়েছে, দুধের দাম ২৮ থেকে ৬০ টাকা। ৫ টাকার প্ল্যাটফর্ম টিকিট এখন ৩০ টাকা! একদিকে মোদী আপনাদের পকেট লুট করছেন, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আপনাদের দু’হাত ভরে দিচ্ছেন।” প্রধানমন্ত্রীর সমালোচনা করে অভিষেক বলেন, “মোদীজি গরিব মানুষকে লাইনে দাঁড় করাতে ভালোবাসেন—সে নোটবন্দি হোক বা রান্নার গ্যাস। এবার আপনারা ইভিএমে লাইনে দাঁড়িয়ে এই জালিয়াতির জবাব দিন।”

১০০ দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে সুর চড়িয়ে অভিষেক চ্যালেঞ্জ করেন, কেন্দ্র যদি বাংলার গরিবদের জন্য এক পয়সাও খরচ করে থাকে, তবে তার শ্বেতপত্র প্রকাশ করুক। তিনি বলেন, “বিজেপি ২ কোটি ৭৪ লক্ষ মানুষের পেটে লাথি মেরেছে। এদের উপড়ে ফেলতে হবে।” তালড্যাংরা, হরমাসড়া, পাঁচমুড়া ও ব্রজরাজপুর—এই চারটি অঞ্চলেই তৃণমূলকে জেতানোর ডাক দিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, মানুষের ভালোবাসার ঋণ তিনি উন্নয়নের মাধ্যমেই শোধ করবেন।