নন্দীগ্রাম থেকে ভবানীপুর—ভোটের মহাযুদ্ধের দিনক্ষণ চূড়ান্ত! রাজ্যপালের বিজ্ঞপ্তিতে তোলপাড় বাংলা

বেজে গিয়েছে ২০২৬-এর নির্বাচনী রণদামামা। পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ৭ মে, ২০২৬-এর মধ্যে বর্তমান বিধানসভার কার্যকাল সমাপ্ত হচ্ছে। তার আগেই রাজ্যে নতুন সরকার ও বিধানসভা গঠনের লক্ষ্যে আজ বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যপাল এবং কমিশনের পক্ষ থেকে যৌথভাবে নতুন বিধানসভা গঠনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোট উৎসবের যাবতীয় প্রক্রিয়া আগামী ৬ মে-র মধ্যে সম্পন্ন করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দ্বিতীয় দফার নির্বাচনের জন্য প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দফার জন্য মনোনয়ন পেশের শেষ দিন আগামী ৯ এপ্রিল। জমা পড়া আবেদনপত্রের স্ক্রুটিনি বা যাচাই করা হবে ১০ এপ্রিল এবং প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ১৩ এপ্রিল।

দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল (বুধবার) একগুচ্ছ হাইভোল্টেজ আসনে ভোটগ্রহণ হতে চলেছে। এই তালিকায় রয়েছে—নন্দীগ্রাম, ভবানীপুর, উত্তর ও দক্ষিণ কলকাতা, কসবা, শিবপুর, মধ্য হাওড়া, তারকেশ্বর, বারাসাত, রাজারহাট এবং বর্ধমান ও হুগলির একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। লোকসভা ভোটের আমেজ কাটতে না কাটতেই বিধানসভা ঘিরে এই বিজ্ঞপ্তিতে এখন রাজ্যজুড়ে সাজ সাজ রব। শাসক-বিরোধী সব পক্ষই এখন ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে।