আইপিএল খেলতে মরিয়া আরসিবি তারকা! এনওসি না পেয়ে খোদ বোর্ডের বিরুদ্ধে মামলা ঠুকলেন থুসারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৬-এর উত্তাপের মাঝেই মাঠের বাইরে বড়সড় আইনি লড়াই শুরু হলো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র লঙ্কান পেসার নুয়ান থুসারা এনওসি (NOC) বা অনাপত্তি শংসাপত্র না পেয়ে সরাসরি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। কলম্বো ডিস্ট্রিক্ট কোর্টে বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা রুজু করেছেন এই বোলার। আগামী ৯ এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

কেন এই সংঘাত? সূত্রের খবর, শ্রীলঙ্কা বোর্ডের আয়োজিত ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি থুসারা। বোর্ডের নিয়ম অনুযায়ী, ফিটনেস টেস্টে পাশ না করলে কোনও ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। তবে থুসারার দাবি অন্য। গত ৩১ মার্চ বোর্ডের সঙ্গে তাঁর কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে। থুসারা আর নতুন করে চুক্তিবদ্ধ হতে চান না। তাঁর যুক্তি, যেহেতু তিনি আর বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই, তাই ফিটনেস পরীক্ষার বাধ্যবাধকতা তাঁর ওপর খাটে না।

আরসিবি-তে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ: ২০২৫ সালের মেগা নিলামে ১.৬ কোটি টাকায় থুসারাকে দলে নিয়েছিল আরসিবি। গত মরশুমে আরসিবির খেতাব জয়ের শরিকও ছিলেন তিনি। থুসারার আশঙ্কা, আইনি জটিলতা বা এনওসি পেতে দেরি হলে আরসিবি হয়তো তাঁর পরিবর্তে অন্য কাউকে দলে নিয়ে নেবে। এই আতঙ্ক থেকেই তিনি দ্রুত আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। এদিকে, তাঁর সতীর্থ ঈশান মালিঙ্গা ফিটনেস পরীক্ষায় পাশ করে ইতিমধ্যেই আইপিএলে যোগ দিয়েছেন।

মাঠে দাপট আরসিবির: থুসারার অনুপস্থিতিতেও কিন্তু আরসিবির বিজয়রথ ছুটছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে তারা। বিরাট কোহলির বিধ্বংসী ৩৮ বলে ৬৯ রানের ইনিংসে ভর করে ২০২ রান তাড়া করে জিতেছে বেঙ্গালুরু। তবে টুর্নামেন্ট যত এগোবে, থুসারার মতো কার্যকরী পেসারের অভাব আরসিবি বোধ করবে কি না, সেটাই এখন দেখার। ৯ এপ্রিলের আদালতের রায়ই ঠিক করে দেবে থুসারা আইপিএলের বিমানে উঠতে পারবেন কি না।