বিশ্বের ২০% জ্বালানি পথ কি বন্ধ? হরমুজ নিয়ে জট কাটাল তেহরান, ভারতের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা!

মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্য পথ ‘হরমুজ প্রণালী’ কার্যত অচল হয়ে পড়ায় ভারতের মতো দেশগুলি গভীর উদ্বেগে ছিল। এই আবহে ভারতের জন্য স্বস্তির বার্তা দিল তেহরান। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এক পোস্টে ভারতে অবস্থিত ইরান দূতাবাস জানিয়েছে, “আমাদের ভারতীয় বন্ধুরা নিরাপদ হাতেই আছে। চিন্তার কোনও কারণ নেই।”
কেন গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী? বিশ্বের মোট উত্তোলিত জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই সরু সমুদ্রপথ দিয়েই পরিবাহিত হয়। ইরান ও ওমান এই প্রণালীর প্রধান নিয়ন্ত্রক। সাম্প্রতিক যুদ্ধের আবহে ইরান এই পথে বিদেশি জাহাজের যাতায়াত সীমিত করে দিয়েছে। তবে ইরান স্পষ্ট জানিয়েছে যে—ভারত, চিন, রাশিয়া এবং পাকিস্তানের মতো বন্ধু রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলে তারা কোনও বাধা দেবে না।
আটকে পড়া ভারতীয় জাহাজ: ভারতের জন্য জ্বালানি বহনকারী ১৯টি জাহাজ বর্তমানে এই প্রণালীতে আটকে রয়েছে। এর মধ্যে ৩টি এলপিজি ট্যাঙ্কার, ১টি এলএনজি জাহাজ এবং ৪টি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার সরাসরি ভারতীয় পতাকাবাহী। বন্দর ও নৌপরিবহন মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, আটকে পড়া প্রায় ৫০০টি জাহাজের মধ্যে ভারতের জন্য গুরুত্বপূর্ণ ১০টি বিদেশি পতাকাবাহী জাহাজও রয়েছে। তবে ইরানের সাম্প্রতিক আশ্বাসে আশা করা হচ্ছে, ভারতের জন্য প্রয়োজনীয় গ্যাস ও তেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে।