হাজার হাজার ছাঁটাইয়ের ব্লু-প্রিন্ট তৈরি! কোন পদের কর্মীদের চাকরি সবচেয়ে আগে যাবে? ফাঁস করলেন এক্স-কর্তা

বিশ্বজুড়ে প্রযুক্তিনির্ভর সংস্থাগুলিতে চলছে ছাঁটাইয়ের মহামারি। ওরাকল (Oracle) থেকে শুরু করে ব্লক (Block Inc.)—তালিকাটা দীর্ঘ। তবে এই ছাঁটাই কি কেবল শুরু? মাইক্রোব্লগিং সাইট X (সাবেক টুইটার) এবং ব্লকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সির সাম্প্রতিক মন্তব্য সেই আশঙ্কাই বাড়িয়ে দিয়েছে। তাঁর দাবি, ভবিষ্যতে এক শ্রেণির কর্মীর আর কোনও প্রয়োজনই নেই, কারণ সেই কাজ এখন যন্ত্রমেধা বা AI অনায়াসেই করে দিচ্ছে।
নিশানায় ‘মিডল ম্যানেজার’: সম্প্রতি নিজের সংস্থা ‘ব্লক’ থেকে একধাক্কায় ৪০০০ কর্মী ছাঁটাই করেছেন জ্যাক। তাঁর স্পষ্ট মত, ‘মিডল ম্যানেজার’ বা মধ্যবর্তী স্তরের আধিকারিকদের পদে টাকা দিয়ে লোক পোষার কোনও দরকার নেই। জ্যাকের মতে, মানুষের চেয়ে AI সমন্বয় রক্ষা এবং তত্ত্বাবধানের কাজে অনেক বেশি পারদর্শী। প্রতিষ্ঠানের হায়ারার্কি বা পদের ধাপ যত কম হবে, ব্যবসার গতি তত বাড়বে।
‘ইনটেলিজেন্স নেটিভ’ সংস্থা: সেকুয়া ক্যাপিটালের রোয়েলফ বোথার সঙ্গে লেখা এক ব্লগে জ্যাক এক নতুন ধরনের প্রতিষ্ঠানের রূপরেখা তুলে ধরেছেন, যাকে তিনি বলছেন ‘ইনটেলিজেন্স নেটিভ’। তাঁর প্রস্তাবিত মডেলে:
-
ম্যানেজারের বদলে থাকবে AI সিস্টেম, যা সরাসরি বিশেষজ্ঞদের নির্দেশ দেবে।
-
হাতেগোনা কিছু সিনিয়র কর্মী থাকবেন যারা নতুনদের কাজ শেখাবেন।
-
সমন্বয় ও তদারকির যাবতীয় কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
শেয়ার বাজারে ইতিবাচক সাড়া: আশ্চর্যের বিষয় হলো, ৪০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পরই ব্লক-এর শেয়ারের দর ২০ শতাংশ বেড়ে গিয়েছে। অর্থাৎ, বিনিয়োগকারীরাও মানুষের বদলে AI নির্ভর এই কঠোর সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছেন। জ্যাক ডর্সির এই ‘কৌশলী’ পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে, আগামী দিনে শুধু করণিক নয়, বড় বড় পদের কর্মকর্তাদেরও জায়গা কেড়ে নিতে চলেছে আধুনিক প্রযুক্তি।