পেনশনভোগীদের জন্য বাম্পার ধামাকা! বকেয়া ডিএ নিয়ে নবান্নর বড় ঘোষণা, কবে ঢুকবে টাকা?

নতুন অর্থবর্ষের শুরুতেই রাজ্যের পেনশনভোগীদের জন্য বড় উপহার দিল নবান্ন। ১ এপ্রিল, বুধবার বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) এবং ডিআর (DR) নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর। সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই সরকারি কর্মীদের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে, তবে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে প্রবীণ নাগরিকদের ওপর।

কারা পাবেন এই সুবিধা? নবান্নর নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে যাঁরা অবসর গ্রহণ করেছেন, তাঁদের বকেয়া মহার্ঘ ভাতার হিসেব মিটিয়ে টাকা প্রদান করা হবে। একইভাবে সুবিধা পাবেন ফ্যামিলি পেনশনভোগীরাও। ট্রেজারি বিভাগ বা সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে এই এরিয়ারের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

টাকা পাওয়ার সময়সীমা: বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ১৮০ দিন অর্থাৎ ৬ মাসের মধ্যেই সংশ্লিষ্ট পেনশনভোগীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। প্রতিটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, কতজন কর্মী বা পেনশনভোগী এই সুবিধার আওতায় পড়ছেন এবং তাঁদের বকেয়া কত, সেই তথ্য দ্রুত সংগ্রহ করতে।

আন্দোলনের সুর চরমে: সুখবরের মাঝেই দানা বাঁধছে অসন্তোষ। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-এর অভিযোগ, সুপ্রিম কোর্টের ডেডলাইন শেষ হলেও অধিকাংশ কর্মীর অ্যাকাউন্টে বকেয়া ডিএ-র ২৫ শতাংশও ঢোকেনি। মেসেজ এলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না আসায় ক্ষোভ বাড়ছে। এই বঞ্চনার প্রতিবাদে আগামী ১২ এপ্রিল ফের কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন সরকারি কর্মীরা।