SIR ইস্যুতে রণংদেহী মমতা! মালদার বৈষ্ণবনগর থেকে বিজেপি ও কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে বঙ্গে। আর সেই হাইভোল্টেজ প্রচারের ময়দানে আজ মালদার বৈষ্ণবনগরে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সফর শেষ করে মালদায় পা রাখেন তিনি। এদিন বৈষ্ণবনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দনা সরকারের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। কৈবল্য তারিণী কৈলাস তপোবন শ্মশান মাঠে আয়োজিত এই সভায় উপচে পড়েছিল তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়।
নির্বাচনী মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক মেজাজে ধরা দেন। বিশেষ করে এলাকায় বহুল চর্চিত SIR (Special Investment Region) বিরোধী আন্দোলন এবং পুলিশ-প্রশাসন রদবদল নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করেন তিনি। উল্লেখ্য, বৈষ্ণবনগরের প্রতিবেশী কেন্দ্র সুজাপুর ও মোথাবাড়িতে SIR বিরোধী আন্দোলন সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেছে। সেই আন্দোলনের আবহে মমতার আজকের বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আগে মুর্শিদাবাদের বড়ঞা, নবগ্রাম এবং সাগরদিঘিতে সফল সভা সেরে মালদায় পৌঁছন নেত্রী। বৈষ্ণবনগরের এই সভা থেকে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূলের বিকল্প নেই।