শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বাম্পার খবর! বকেয়া DA মেটাতে নবান্নে জরুরি বৈঠক, জারি কড়া নির্দেশিকা

রাজ্য সরকারি কর্মীদের পর এবার স্কুল ও মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য খুশির খবর শোনাল নবান্ন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করল রাজ্য সরকার। বুধবার রাতে মাদ্রাসা ডিরেক্টরেটের পক্ষ থেকে একটি জরুরি নির্দেশিকা জারি করে জেলা স্কুল পরিদর্শকদের (DI) কাছে ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া টাকার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

এই বিশাল আর্থিক কর্মযজ্ঞ সফল করতে নবান্নে অর্থসচিব প্রভাতকুমার মিশ্রের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্কুলশিক্ষা, উচ্চশিক্ষা, পরিবহণ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। মূলত সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান ও পুরসভার কর্মীদের বকেয়া মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং টাকা পাঠানোর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উল্লেখ্য, ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ-র ১০০ শতাংশই একলপ্তে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। সরাসরি সরকারি কর্মচারীদের অনেকের টাকা ইতিমধ্য়েই জিপিএফ অ্যাকাউন্টে ঢুকলেও, শিক্ষক ও পুরকর্মীরা এতদিন বঞ্চিত ছিলেন। নবান্নের এই সাম্প্রতিক তৎপরতায় সেই অনিশ্চয়তা কাটল এবং খুব শীঘ্রই তাঁদের অ্যাকাউন্টে বকেয়া টাকা জমা পড়ার প্রক্রিয়া শুরু হবে।