অভিনেতা রাহুলের পর এবার মন্দারমণি! সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন নামী চিকিৎসক দম্পতি

ওড়িশার তালসারিতে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সলিল সমাধির শোক এখনও টাটকা। সেই রেশ কাটতে না কাটতেই এবার মন্দারমণির সমুদ্রে প্রাণ হারালেন উত্তর ২৪ পরগনার এক প্রতিভাবান চিকিৎসক দম্পতি। বুধবার বিকেলে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান শল্য চিকিৎসক কুন্তল চক্রবর্তী এবং তাঁর স্ত্রী, প্রখ্যাত গাইনোকোলজিস্ট শৈলজা ভরদ্বাজ। এই মর্মান্তিক ঘটনায় ঘোলা ও বিবেকানন্দ পার্ক এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে দম্পতি মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নামেন। কিছুক্ষণ পরেই ঢেউয়ের টানে তাঁরা গভীর সমুদ্রে তলিয়ে যান। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর রাতে তাজপুরের বিশ্ববাংলা সেন্টারের কাছে সমুদ্রের জলে দুটি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। বর্তমানে দেহ দুটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

২০২৩ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন কুন্তল ও শৈলজা। চিকিৎসক মহলে অত্যন্ত জনপ্রিয় এই জুটির অকাল মৃত্যু যেন বিনোদুনিয়ার পর চিকিৎসা জগতেও এক বড় ধাক্কা। ওড়িশার পর মন্দারমণির এই ঘটনা ফের একবার পর্যটকদের নিরাপত্তা এবং সমুদ্রের বিপজ্জনক গার্ড ওয়াল ও ঢেউ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।