৫ মে-তেই কি বাংলায় বিজেপি সরকার? অনুপ্রবেশ ও দুর্নীতি ইস্যুতে ভবানীপুর থেকে তৃণমূলকে তোপ শাহের

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। বৃহস্পতিবার কলকাতার ভবানীপুর কেন্দ্রকে কেন্দ্র করে শক্তিপ্রদর্শনে নামল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন নিজে উপস্থিত থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের আগে এক বিশাল রোড শো-তে অংশ নেন। হাজরা মোড় থেকে শুরু হওয়া এই মিছিলে মানুষের ঢল নামে। সেখান থেকেই শাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এবারের লড়াই শুধু একটি আসনের নয়, বরং বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনার লড়াই।

ভবানীপুরের সভায় অমিত শাহ বলেন, “২০১৪ সালের পর থেকে যেখানেই বিজেপি সরকার গড়েছে, সেখানেই উন্নয়ন হয়েছে। এবার সেই পরিবর্তনের ঢেউ বাংলায় আছড়ে পড়ার পালা।” তিনি ভোটারদের কাছে হাতজোড় করে আবেদন জানান শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয়ী করার জন্য। শাহর দাবি, ভবানীপুরে বিজেপির জয় মানেই গোটা রাজ্যে পরিবর্তনের রাস্তা প্রশস্ত হওয়া। অনুপ্রবেশ, দুর্নীতি এবং তোলাবাজি ইস্যুতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করে তিনি বলেন, “৫ মে বাংলায় বিজেপি সরকার গঠিত হবে এবং সীমান্ত সিল করে প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হবে।”

এদিন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শাহ তৃণমূলের ‘সন্ত্রাস’ ও ‘রাজনৈতিক হিংসা’র কঠোর সমালোচনা করেন। তিনি সাধারণ ভোটারদের আশ্বস্ত করে বলেন, “ভোটের দিন কাউকে ভয় পাবেন না, কোনো গুন্ডা আপনাদের আটকাতে পারবে না।” শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে তিনি মনে করিয়ে দেন যে, গতবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন, আর এবার ভবানীপুর ও গোটা বাংলাতেই তৃণমূলের পরাজয় নিশ্চিত। নির্বাচনের শেষ পর্যন্ত তিনি নিজে ১৫ দিন বাংলায় থেকে লড়াই পরিচালনা করবেন বলেও ঘোষণা করেন। শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাসবিহারী, বালিগঞ্জ ও চৌরঙ্গীর প্রার্থীদেরও এদিন শুভেচ্ছা জানান শাহ।