টেস্ট ক্রিকেটে ফিরছেন রোহিত-বিরাট? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিসিসিআই-এর ‘বিবৃতি’র আসল সত্য জানুন!

ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট অবসর নিয়ে গত বছর কম হইচই হয়নি। আইপিএল চলাকালীন হঠাৎ নেওয়া সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেক ভক্তই। তবে বছর ঘুরতে না ঘুরতেই ক্রিকেট প্রেমীদের মনে নতুন আশার আলো দেখা দিয়েছে। আইপিএলের ময়দানে কোহলি এবং রোহিতের বিধ্বংসী ফর্ম দেখে নেটপাড়ায় জোর জল্পনা—তবে কি অবসর ভেঙে আবারও সাদা পোশাকে ফিরছেন এই দুই মহাতারকা?

বর্তমানে আইপিএলে আরসিবির হয়ে কোহলির ঝোড়ো অর্ধশতরান এবং কেকেআরের বিরুদ্ধে রোহিতের ৭৮ রানের ম্যাচ জেতানো ইনিংস দেখে বোঝার উপায় নেই যে তাঁরা দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে, বিসিসিআই নাকি এক বিবৃতিতে রোহিত-বিরাটের টেস্ট প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করেছে। এমনকি কোহলি নিজেই প্রোফাইল থেকে প্রত্যাবর্তনের কথা জানিয়েছেন বলেও রটনা ছড়িয়েছে। কিন্তু এই খবরের সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। বিসিসিআই বা ক্রিকেটারদের তরফ থেকে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। নেটিজেনদের একাংশ স্রেফ ভুয়ো খবর ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন।

তবে জল্পনার আগুনে ঘি ঢেলেছেন প্রাক্তন ব্যাটার অম্বাতি রায়ডু। রায়ডু সরাসরি দাবি করেছেন যে, বিরাটের কেবল ফেরাই উচিত নয়, বরং তাঁর হাতে আবারও টেস্টের নেতৃত্ব তুলে দেওয়া উচিত। রায়ডুর মতে, “বিরাটের মধ্যে এখনও ৫-৬ বছরের ক্রিকেট বাকি আছে। ও টেস্ট ক্রিকেটে ভারতের সেরা অধিনায়ক ছিল। বর্তমান ফর্মে ওকে টেস্ট দলে না পাওয়াটা ভারতীয় ক্রিকেটের বড় ক্ষতি।” যদিও রায়ডুর এই আবেগপূর্ণ বার্তায় ভক্তরা উত্তেজিত, বাস্তব এটাই যে রো-কোর টেস্ট কামব্যাক বর্তমানে নিছকই জল্পনা।