“পরিণতি হবে নজিরবিহীন!” তিরুবনন্তপুরমে দাঁড়িয়ে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের

কেরলের তিরুবনন্তপুরমে দাঁড়িয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার ভারতীয় সেনার বীর জওয়ানদের সম্মানজ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, সীমান্তের ওপার থেকে কোনওরকম দুঃসাহস দেখানোর চেষ্টা হলে তার পরিণতি হবে চূড়ান্ত এবং নজিরবিহীন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এনডিএ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি যে কেবল কথার কথা নয়, তা এদিন তাঁর বক্তব্যে পরিষ্কার হয়ে গিয়েছে।
‘অপারেশন সিঁদুর’ ও ২২ মিনিটের লড়াই:
এদিন রাজনাথ সিংয়ের বক্তৃতার মূল আকর্ষন ছিল পহেলগাঁও-এর জঙ্গি হামলার পাল্টা জবাবে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’। তিনি সগর্বে জানান, এই অভিযানের মাধ্যমে মাত্র ২২ মিনিটের ব্যবধানে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল ভারতীয় সেনাবাহিনী। ভারতের সামরিক ইতিহাসে সন্ত্রাস দমনের ক্ষেত্রে এটি অন্যতম শ্রেষ্ঠ অভিযান। প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, “এই অভিযান কিন্তু এখনও শেষ হয়নি। অশান্তি পাকানোর চেষ্টা হলে ভারত এমন পদক্ষেপ নেবে যা আগে কেউ দেখেনি।”
ইউপিএ বনাম এনডিএ: তফাৎ স্পষ্ট:
সন্ত্রাস দমন ইস্যুতে পূর্বতন ইউপিএ সরকারকে তীব্র আক্রমণ করে রাজনাথ বলেন, কংগ্রেস জমানায় জঙ্গি হামলার পর কেবল ডসিয়ার আদান-প্রদান চলত, কিন্তু বাস্তব পদক্ষেপ ছিল শূন্য। এখনকার ভারত ঘরে ঢুকে জবাব দিতে জানে। তাঁর দাবি, মোদী সরকারের আমলে দেশের নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ শক্তিশালী হয়েছে।
পশ্চিম এশিয়া সঙ্কট ও জ্বালানি নিরাপত্তা:
বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘর্ষের জেরে বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে দেশবাসীকে আশ্বস্ত করে প্রতিরক্ষামন্ত্রী জানান, দেশে জ্বালানি বা গ্যাসের কোনও ঘাটতি হবে না। ভারত যে কোনও ধরণের এনার্জি ক্রাইসিস মোকাবিলা করতে সক্ষম। সেই সঙ্গে পশ্চিম এশিয়ায় বসবাসকারী ভারতীয়দের সুরক্ষাকেই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি জানান। এই পরিস্থিতিতে বিরোধীদের ‘সঙ্কীর্ণ রাজনীতি’ ত্যাগ করে দেশের স্বার্থে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।