প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় ধাক্কা! মাঝপথেই স্থগিত ইন্টারভিউ, অনিশ্চয়তায় হাজার হাজার চাকরিপ্রার্থী

রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ (Teacher’s Recruitment) প্রক্রিয়ায় আবারও অনিশ্চয়তার মেঘ। দীর্ঘ প্রতীক্ষার পর ইন্টারভিউ শুরু হলেও মাঝপথেই তা স্থগিত করার সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার পর্ষদ সচিব রঞ্জনকুমার ঝা একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ‘অনিবার্য কারণবশত’ ষষ্ঠ থেকে দশম দফার ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউড টেস্ট আপাতত বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী সূচি পরে জানানো হবে। পর্ষদের এই আকস্মিক সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন চাকরিপ্রার্থীরা।

পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, লোকসভা নির্বাচন চলাকালীন দূরদূরান্তের পরীক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হতে পারে—এমন অসংখ্য ই-মেল পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে বাঁকুড়ার মতো জেলায় ইন্টারভিউয়ের দিনেই ভোট পড়ে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। তবে ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের একাংশ এই যুক্তি মানতে নারাজ। তাঁদের দাবি, ২০১৭ সালের পর দীর্ঘ ৫ বছর অপেক্ষা করে পরীক্ষা দেওয়ার পরও যদি নিয়োগ এভাবে ঝুলে থাকে, তবে তাঁদের ভবিষ্যৎ অন্ধকার। বিশেষ করে ৬ এপ্রিল থেকে ৫ জুন পর্যন্ত যে জেলাগুলিতে ইন্টারভিউ হওয়ার কথা ছিল, সেখানকার প্রার্থীরা চরম বিভ্রান্তিতে পড়েছেন।

উল্লেখ্য, ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগের জন্য গত ডিসেম্বর থেকে ধাপে ধাপে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রথম চার দফা নির্বিঘ্নে শেষ হলেও পঞ্চম দফায় নদিয়ার ইন্টারভিউ ১৯ মার্চ শেষ হয়। ২৩ মার্চ পুরুলিয়ায় ষষ্ঠ দফার কাজ শুরু হতেই এই স্থগিতাদেশ এল। ফলে নদিয়া ও পুরুলিয়া বাদে বাকি জেলাগুলির কয়েক হাজার প্রার্থীর নিয়োগপত্র পাওয়ার স্বপ্ন আপাতত বিশ বাঁও জলে।