অবশেষে কাটল জট! চিংড়িহাটায় মেট্রোর কাজে সবুজ সংকেত পুলিশের, কবে থেকে শুরু হচ্ছে নির্মাণ?

দীর্ঘ দেড় বছরের টালবাহানা আর আইনি লড়াইয়ের পর অবশেষে চিংড়িহাটায় নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের (অরেঞ্জ লাইন) কাজ শুরুর অনুমতি মিলল। লালবাজার বা কলকাতা পুলিশের পক্ষ থেকে মে মাসের ১৫ ও ২২ তারিখ ট্রাফিক ব্লকের অনুমতি দেওয়া হয়েছে বলে আরভিএনএল (RVNL) সূত্রে খবর। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পের জট কাটায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ট্রাফিক ব্লক এবং নির্মাণকাজের ছাড়পত্র না মেলায় গত দেড় বছর ধরে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ থমকে ছিল। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়, যেখানে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেয়। রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি এবং যানজটের দোহাই দেওয়া হলেও সুপ্রিম কোর্টে সেই যুক্তি ধোপে টেকেনি। অবশেষে ভোটের ঠিক পরেই কংক্রিটের স্ল্যাব বসানোর জন্য গ্রিন সিগন্যাল দিল পুলিশ।
তবে জট কাটলেও যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, চিংড়িহাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সংযোগ স্থাপন করে পরিষেবা চালু করতে আরও প্রায় ৭-৮ মাস সময় লেগে যেতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ দিকে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেলেঘাটা থেকে সেক্টর ফাইভের এই সংযোগ শহরবাসীর যাতায়াতে এক যুগান্তকারী বদল আনবে বলে আশা করা হচ্ছে।