কালীঘাটে মুখোমুখি TMC-BJP, অমিত শাহের রোড শো ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি

খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া কালীঘাটে নজিরবিহীন উত্তজনা। শাহের রোড শো-কে কেন্দ্র করে মুখোমুখি সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, মাঝপথেই রোড শো থামিয়ে সুসজ্জিত গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মুখোমুখি দুই শিবির: স্লোগান-পাল্টা স্লোগান
বৃহস্পতিবার বিকেলে অমিত শাহের রোড শো যখন কালীঘাটের সংকীর্ণ গলি দিয়ে এগোচ্ছিল, ঠিক তখনই ঘাসফুল শিবিরের কর্মীরা জড়ো হয়ে ‘চোর চোর’ স্লোগান তুলতে শুরু করেন। পাল্টা ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে আকাশ-বাতাস কাঁপিয়ে তোলেন বিজেপি সমর্থকরা। বিজেপি কর্মীদের সাফ কথা:
“এটা ওদের পাড়া, তাই এসব করছে। ভেবেছে ভয় দেখিয়ে ভবানীপুর জিতে যাবে? তা হবে না। মানুষ ৪ তারিখ ব্যালট বাক্সে এর যোগ্য জবাব দেবে।”
হিমশিম পুলিশ, শাহের সফর সংক্ষিপ্ত
পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন থাকা বিশাল পুলিশ বাহিনী হিমশিম খেয়ে যায়। দুই পক্ষের মধ্যে হাতাহাতির উপক্রম হওয়ায় নিরাপত্তার খাতিরে অমিত শাহকে রোড শো-এর হুডখোলা গাড়ি থেকে নেমে পড়তে হয়। এরপর তিনি কিছুটা পথ হেঁটে গিয়ে নিজের কনভয়ের গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।
ভোটের আগে ভবানীপুর তপ্ত
৪ তারিখের উপনির্বাচনের ঠিক আগে এই ঘটনা ভবানীপুরের রাজনৈতিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিল। খোদ মুখ্যমন্ত্রীর খাসতালুকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিতে এই ধরণের বাধা আসায় প্রশ্ন উঠছে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তৃণমূলের দাবি, বহিরাগতদের আনাগোনা দেখেই এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে, বিজেপি একে ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’ বলে দেগে দিয়েছে।
কালীঘাটের এই গোলমালের রেশ এখন সারা শহর জুড়ে। এখন দেখার ৪ তারিখের মহাযুদ্ধে কার পাল্লা ভারী হয়।