ভবানীপুরে শাহী হুঙ্কার! শুভেন্দুর মনোনয়নে জনজোয়ার, মমতার ‘গড়’-এ পরিবর্তনের ডাক অমিত শাহের

কলকাতার রাজপথে আজ ধরা পড়ল এক হাই-প্রোফাইল রাজনৈতিক কোলাজ। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। আর এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে দিল্লি থেকে সরাসরি কলকাতায় উড়ে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু শুভেন্দু নন, এদিন তাঁর সঙ্গে মনোনয়ন জমা দেওয়ার তালিকায় ছিলেন স্বপন দাশগুপ্ত, সন্তোষ পাঠক এবং শতরুপা বোসের মতো হেভিওয়েট প্রার্থীরাও।
এদিন মঞ্চে ওঠার পর এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মা কালীর একটি ছবি উপহার দিয়ে অমিত শাহকে স্বাগত জানান। শাহের পাশে এদিন দেখা গিয়েছে রাজ্য বিজেপির অন্যতম মুখ শমীক ভট্টাচার্যকেও। জনসভার মঞ্চ থেকে শাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, “আমি এখানে চারজন প্রার্থীর জন্যই এসেছি, তবে বিশেষ করে এসেছি শুভেন্দুর জন্য।” বাংলায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শাহ দাবি করেন, বাংলার মানুষ ইতিমধ্যেই তৃণমূলকে ‘টাটা বাই-বাই’ বলে দিয়েছে। তাঁর মতে, গোটা বাংলার মুক্তির চাবিকাঠি লুকিয়ে আছে ভবানীপুরের জয়ে।
মনোনয়ন পেশের আইনি প্রক্রিয়াও ছিল বেশ দ্রুত। শুভেন্দুর আইনজীবী দল ১০,০০০ টাকার চালানের মাধ্যমে মনোনয়ন ফি জমা দেন। এরপরই শুরু হয় বর্ণাঢ্য রোড-শো। শুভেন্দু, স্বপন দাশগুপ্ত ও সন্তোষ পাঠককে পাশে নিয়ে হুডখোলা গাড়িতে ওঠেন অমিত শাহ। রাস্তার দু-পাশে ভিড় জমান হাজার হাজার উৎসাহী মানুষ। উল্লেখ্য, এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও লড়াই করছেন শুভেন্দু, যা এই নির্বাচনকে এক অনন্য মাত্রা দিয়েছে। শাহের এই সফর এবং রোড-শো ভবানীপুরের লড়াইকে এক চূড়ান্ত মর্যাদার লড়াইয়ে পরিণত করল।