মোথাবাড়িকাণ্ডে নজিরবিহীন ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট! মুখ্যসচিব ও ডিজিপি-কে শোকজ; প্রয়োজনে নামবে সিবিআই-এনআইএ

মালদার কালিয়াচকের মোথাবাড়িতে ভোটার তালিকায় (SIR) নাম না থাকাকে কেন্দ্র করে যে নজিরবিহীন হিংসা ও বিচারক ঘেরাওয়ের ঘটনা ঘটেছে, তাতে এবার সরাসরি হস্তক্ষেপ করল দেশের শীর্ষ আদালত। বুধবারের সেই রণক্ষেত্রের ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি (DGP), জেলাশাসক ও পুলিশ সুপারকে শোকজ নোটিশ পাঠিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে, প্রয়োজনে এই ঘটনার তদন্তভার সিবিআই (CBI) বা এনআইএ (NIA)-কে দেওয়া হবে।
আদালত এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করে জানায়, কীভাবে ৩ জন মহিলা অফিসারসহ মোট ৭ জন জুডিশিয়াল অফিসারকে বিকেল ৫টা থেকে রাতভর জল-খাবার ছাড়াই আটকে রাখা হল? তাঁদের ৫ বছরের সন্তানরা কাঁদলেও কেন রাজ্য পুলিশ বা নির্বাচন কমিশন নিরাপত্তা দিতে পারল না? প্রধান বিচারপতি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে বলেন, “আপনাদের রাজ্যে সব কিছু নিয়ে রাজনীতি হয়, এমনকি আদালতের নির্দেশ পালনেও।”
আগামী ৬ এপ্রিল ভার্চুয়াল শুনানিতে সংশ্লিষ্ট আধিকারিকদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বুধবার ভোটার তালিকায় নাম বাদের প্রতিবাদে মোথাবাড়িতে গাড়িতে আগুন ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। মধ্যরাতে কেন্দ্রীয় বাহিনী গিয়ে বিচারকদের উদ্ধার করলেও তাঁদের গাড়ি ধাওয়া করার মতো গুরুতর অভিযোগ উঠেছে।