৪০ ডিগ্রির লক্ষ্যমাত্রায় ছুটছে পশ্চিমাঞ্চল! আজ কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা?

বৃষ্টির খেলা সাঙ্গ করে এবার স্বমহিমায় ফিরছে গরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলের শুরুতেই চড়চড় করে বাড়বে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়ার দাপট বজায় থাকবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে এবং কলকাতাতেও তাপমাত্রা ৩৭ ডিগ্রির ঘরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। শুক্রবার এই তালিকায় যুক্ত হবে কলকাতা ও বীরভূমও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ হওয়ায় ঘর্মাক্ত অস্বস্তি চরমে পৌঁছাবে। তবে কিছুটা স্বস্তির খবর হলো, আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও ঝড়ের দাপট কতটা হবে তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে শুক্রবার ও শনিবার সেখানেও বৃষ্টির দাপট কমবে এবং তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।