তাজপুরে সমুদ্রের ঢেউ কেড়ে নিল দুই চিকিৎসকের প্রাণ! সোদপুরের দম্পতির মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর রেক কাটতে না কাটতেই এবার পূর্ব মেদিনীপুরের তাজপুর সমুদ্র সৈকতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্রের নোনা জলে ডুবে মৃত্যু হল দুই চিকিৎসকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম চিকিৎসক কুন্তল চক্রবর্তী এবং চিকিৎসক শৈলজা ভরদ্বাজ। তাঁরা দুজনেই উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা ছিলেন। বুধবার রাতে তাজপুরের বিশ্ব বাংলা গেটের কাছে তাঁদের দেহ ভাসতে দেখেন স্থানীয় মৎস্যজীবী ও পর্যটকরা। মন্দারমণি কোস্টাল থানার পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দিন দুয়েক আগে নিজেদের গাড়ি নিয়ে সোদপুর থেকে তাজপুরে বেড়াতে এসেছিলেন এই দুই চিকিৎসক। বুধবার রাতে তাঁরা সমুদ্রের ধারে বসে আমোদপ্রমোদ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত সেই সময়েই অসাবধানতাবশত তাঁরা সমুদ্রে নামেন এবং জোয়ারের প্রবল ঢেউয়ে তলিয়ে যান। রাত হওয়ায় বিষয়টি কারোর নজরে আসেনি। বৃহস্পতিবার সকালে দেহ দুটি ভেসে উঠলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যেই মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তবে এটি স্রেফ দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। দেহ দুটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। একের পর এক রহস্যমৃত্যু এবং দুর্ঘটনার খবরে পর্যটন কেন্দ্র তাজপুর ও মন্দারমণি এলাকায় এখন বিষাদের মেঘ।