ট্রাম্পের হুঙ্কারে টালমাটাল দালাল স্ট্রিট! এক ধাক্কায় ১৪০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, মাথায় হাত বিনিয়োগকারীদের

বুধবারের সেই চনমনে ভাব কাটিয়ে বৃহস্পতিবারের শুরুতেই অন্ধকার নামল ভারতীয় শেয়ার বাজারে। সপ্তাহের চতুর্থ লেনদেনের দিন, ২ এপ্রিল কার্যত ধস নামল সেনসেক্স ও নিফটি-তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী কড়া ভাষণ এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির জেরে বিশ্ববাজারের পাশাপাশি ভারতীয় বাজারেও বড়সড় পতন দেখা যাচ্ছে। লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যেই বিএসই সেনসেক্স (BSE Sensex) প্রায় ১৪০০ পয়েন্টের বেশি পড়ে যায় এবং নিফটি ৫০ (Nifty 50) ৪৫৬ পয়েন্ট খুইয়ে ২২,২২২-এর স্তরে নেমে আসে।
বাজার বিশেষজ্ঞদের মতে, এই পতনের প্রধান কারণ হলো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম এক ধাক্কায় ৫ শতাংশ বেড়ে ১০৬ ডলারে পৌঁছে যাওয়া। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা যে, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানকে চরম আঘাত করা হবে, তা বিনিয়োগকারীদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। এর ফলে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FIIs) হু হু করে শেয়ার বিক্রি করে বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন। বুধবার যেখানে সেনসেক্স ১১৮৬ পয়েন্ট বেড়েছিল, আজ সেই সমস্ত লাভ ধুয়ে মুছে সাফ হয়ে গেল।
আজকের বাজারে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকিং ও আর্থিক ক্ষেত্র। এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এবং বাজাজ ফিনান্সের মতো হেভিওয়েট শেয়ারগুলো ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত পড়েছে। আইটি সেক্টরেও বড় পতন লক্ষ্য করা গেছে। শুধুমাত্র এইচসিএল টেক-এর মতো গুটিকতক শেয়ার বাদে বিএসই বাস্কেটের প্রায় সব শেয়ারই আজ লাল সঙ্কেতে লেনদেন করছে। এশীয় বাজারের অন্যান্য সূচক যেমন নিক্কেই (Nikkei) এবং হ্যাং সেং-ও (Hang Seng) আজ পতনের মুখ দেখেছে। আপাতত বাজারের এই অস্থিরতা কতক্ষণ বজায় থাকে, সেদিকেই নজর রাখছেন বিশেষজ্ঞরা।