বনবাস থেকে সোজা বড়পর্দায়! রণবীর কাপুরের ‘রাম’ অবতার দেখে চোখে জল অনুরাগীদের

অবশেষে প্রতীক্ষার অবসান! হনুমান জয়ন্তীর পুণ্য লগ্নে প্রকাশ্যে এল পরিচালক নীতেশ তিওয়ারির এপিক মুভি ‘রামায়ণা’-র প্রথম ঝলক। ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই টিজার মুক্তি পেতেই নেটপাড়া কার্যত রণবীর কাপুরের প্রশংসায় পঞ্চমুখ। গেরুয়া বসনে হাতে তির-ধনু নিয়ে রণবীরকে যখন ‘রাম’ অবতারে দেখা গেল, তখন তাঁর শান্ত স্বভাব এবং চোখের স্নিগ্ধতা মুগ্ধ করেছে দর্শকদের। ৫০০০ বছরের পুরনো সেই আবেগ আর বীরগাথাকে আরও একবার বড়পর্দায় জীবন্ত করে তুলছেন নীতেশ।
টিজারের শুরুতেই দেখা যাচ্ছে এক বিধ্বংসী পরিস্থিতি, যেখানে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শান্তি ফেরাতে ভগবান রামের আগমন ঘটছে। রণবীর কাপুরের রাজকীয় বেশ থেকে শুরু করে বনবাসের সন্ন্যাসী রূপ—প্রতিটি ফ্রেমেই তাঁর অভিব্যক্তি গায়ে কাঁটা দেওয়ার মতো। পাশাপাশি রাবণ রূপে কন্নড় সুপারস্টার যশের এন্ট্রি এবং হনুমান রূপে সানি দেওলের কণ্ঠস্বর আলাদা হাইপ তৈরি করেছে। টিজারে ভিজ্যুয়াল এফেক্টস (VFX)-এর দায়িত্ব সামলেছে ৮ বার অস্কারজয়ী সংস্থা ‘DNEG’ এবং সুরের মূর্ছনায় রয়েছেন অস্কারজয়ী এ.আর. রহমান ও হন্স জিমার।
রণবীরের এই নতুন অবতার দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি তাঁর ঘরনি আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “রাম… গ্লোবালি এই সিনেমা ২০২৬ ও ২০২৭ সালে মুক্তি পাবে।” নেটপাড়ায় এক নেটিজেন মন্তব্য করেছেন, “এটা শুধু সিনেমা নয়, এটা আমাদের ভাবনার অভিব্যক্তি।” ছবিতে সীতার চরিত্রে সাই পল্লবী এবং লক্ষ্ণণের চরিত্রে রবি দুবেকে দেখা যাবে। বড় বাজেটের এই সিনেমাটি দুটি ভাগে মুক্তি পাবে—প্রথম ভাগ ২০২৬ সালের দিওয়ালিতে এবং দ্বিতীয় ভাগ ২০২৭ সালের দিওয়ালিতে। লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্ক, প্রিভিউতেই এই টিজার বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করে নিয়েছে।