তীব্র দহনে পুড়বে বাংলা! এক ধাক্কায় ৮ ডিগ্রি চড়ছে পারদ, বইবে লু?

বসন্তের বিদায়ঘণ্টা বাজিয়ে রাজ্যে থাবা বসাল বৈশাখী দাবদাহ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গত ৪৮ ঘণ্টার তুলনায় আজ অর্থাৎ বৃহস্পতিবার এক ধাক্কায় ৮ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। আজ থেকেই গোটা রাজ্যজুড়ে তীব্র গরমের ‘স্পেল’ শুরু হচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী চার দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধাপে ধাপে আরও ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, যার ফলে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

উপকূলবর্তী জেলাগুলোতে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮০ থেকে ৯০ শতাংশের আশেপাশে থাকবে, ফলে ঘামাচি ও প্যাচপ্যাচে অস্বস্তি চরমে পৌঁছবে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে জারি করা হয়েছে চরম অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা। পশ্চিমের জেলাগুলোতে পারদ ইতিমধ্যেই ৩৫ থেকে ৪০ ডিগ্রির ঘরে ঘোরাঘুরি করছে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, বরং লু-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে কিছুটা স্বস্তির খবর হলো, আগামী ৫ এপ্রিল রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার কিছু অংশে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গেও গরমের দাপট বাড়বে, তবে উত্তরের ওপরের পাঁচটি জেলায় হালকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতার পরিসংখ্যানে দেখা গিয়েছে, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.০৮ ডিগ্রি থাকলেও আজ থেকে তা এক লাফে ৩৮ ডিগ্রির গণ্ডি পেরিয়ে যেতে পারে। চিকিৎসকদের পরামর্শ, এই তীব্র দাবদাহে শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত জল পান করুন এবং প্রয়োজন ছাড়া রোদে বেরোনো এড়িয়ে চলুন।