মধ্যবিত্তের পকেটে বড় কোপ! এক লাফে ১২ টাকা বাড়ল অটো এলপিজি-র দাম, ভাড়া বৃদ্ধির প্রবল আশঙ্কা

সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে ফের একধাক্কায় অনেকটা বাড়ল অটো এলপিজি-র (Auto LPG) দাম। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়ল শহরের অটো পরিষেবায়। বুধবার সকাল থেকেই লিটার প্রতি ১২ টাকা ২৮ পয়সা দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত অটোচালকদের।

গতকাল পর্যন্ত কলকাতায় অটো এলপিজি-র দাম ছিল লিটার প্রতি ৭০ টাকা ৬৮ পয়সা। আজ থেকে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৮২ টাকা ৯৬ পয়সায়। উল্লেখ্য, গত মাত্র এক মাসে ধাপে ধাপে লিটার প্রতি প্রায় ২৫ টাকা দাম বেড়েছে এই জ্বালানির। এর ফলে কলকাতার পরিবহণ ব্যবস্থায় বড়সড় সংকটের মেঘ দেখা দিয়েছে।

গ্যাসের দাম বাড়লেও অটোর সরকারি ভাড়া না বাড়ায় ক্ষোভ উগরে দিয়েছেন চালকরা। তাঁদের দাবি, “বর্তমানে ৪ জনের বেশি যাত্রী নেওয়া নিষেধ, তার ওপর যদি গ্যাসের দাম এভাবে বাড়তে থাকে, তবে অটো চালানো বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই।” শুধু দাম বৃদ্ধিই নয়, পাম্পগুলোতে গ্যাসের আকাল দেখা দেওয়ায় ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। অফিস টাইমে রাস্তায় অটো কম থাকায় চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরাও।

শহরের বহু অটো রুটেই এখন অঘোষিতভাবে ভাড়া বৃদ্ধির প্রস্তুতি চলছে। তবে ভাড়া বাড়লে যাত্রীরা বাসের দিকে ঝুঁকবেন কি না, তা নিয়েও দোলাচলে রয়েছেন মালিকপক্ষ। সব মিলিয়ে অগ্নিমূল্য জ্বালানির বাজারে দিশেহারা অবস্থা কলকাতা ও শহরতলির কয়েক হাজার অটোচালকের।