হাওড়ায় ফের গুলির লড়াই! সলকিয়া চৌরাস্তায় রাহুলের ওপর হামলা, ধৃত আকাশ ও ভিকি; প্রশ্নের মুখে নিরাপত্তা

সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন, আর তার আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকা। মঙ্গলবার রাত ১১টা নাগাদ সলকিয়া চৌরাস্তার কাছে একটি রেস্তোরাঁর সামনে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, রাহুল পাল নামে এক যুবকের সঙ্গে আকাশ যাদব এবং ভিকি দোলুই নামে দুই দুষ্কৃতীর মধ্যে ব্যাপক বচসা শুরু হয়। ঝগড়া চরম পর্যায়ে পৌঁছালে আকাশ যাদব রিভলভার বের করে রাহুলকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন রাহুল পাল।
ঘটনার খবর পেয়েই তড়িৎঘর্মা পদক্ষেপ নেয় গোলাবাড়ি থানা ও হাওড়া সিটি পুলিশ। ঘটনাস্থল থেকে আকাশ যাদব ও ভিকি দোলুইকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো কোনো শত্রুতার জেরেই এই হামলা চালানো হয়েছে। তবে অভিযুক্তরা নির্বাচনের মুখে আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল, তা নিয়ে গভীর তদন্ত শুরু করেছে প্রশাসন।
এই গোলাবাড়ি এলাকাতেই গত ফেব্রুয়ারি মাসে পিলখানা রোডে এক তরুণ প্রোমোটারকে দিনের আলোয় নৃশংভাবে খুন করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গুলির শব্দে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ভোট ঘোষণার পর থেকেই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হলেও, কীভাবে বারবার প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা চলছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। সাধারণ মানুষের মনে এখন একটাই ভয়— ভোটের আগে যদি পরিস্থিতি এমন হয়, তবে নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত হবে তো?