Gmail-এ যুগান্তকারী পরিবর্তন! এখন চাইলেই বদলে ফেলা যাবে নিজের ইমেল আইডি; সুন্দর পিচাইয়ের বড় ঘোষণা

দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কোটি কোটি ব্যবহারকারীর জন্য দুর্দান্ত এক সুবিধা নিয়ে এল গুগল। এখন থেকে ব্যবহারকারীরা চাইলেই তাঁদের জিমেল ইউজারনেম বা ইমেল ঠিকানা পরিবর্তন করতে পারবেন। ২০০৪ সালে জিমেল পরিষেবা শুরু হওয়ার পর থেকে যা ছিল প্রায় অসম্ভব, সেই অসম্ভবকেই এবার সম্ভব করল টেক জায়ান্টটি। বহু বছর আগে শখের বশে বা না বুঝে তৈরি করা অদ্ভুত ও বিব্রতকর ইমেল আইডি নিয়ে যারা এতদিন সমস্যায় ছিলেন, তাঁদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর।
এই ঐতিহাসিক আপডেটটি নিয়ে গুগলের সিইও সুন্দর পিচাই সোশ্যাল মিডিয়ায় রসিকতা করে লিখেছেন, “২০০৪ সালটি দারুণ ছিল, কিন্তু আপনার জিমেল অ্যাড্রেসকে সেখানেই আটকে থাকার দরকার নেই।” মূলত ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখেই সময়ের সাথে তাল মিলিয়ে এই আধুনিক আপডেট আনা হয়েছে।
কীভাবে কাজ করবে এই নতুন ফিচার?
গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা এখন থেকে তাদের জিমেল ঠিকানার ‘@gmail.com’-এর আগের অংশটি (ইউজারনেম) নিজের পছন্দমতো এডিট করতে পারবেন। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, ইউজারনেম পরিবর্তন করলেও অ্যাকাউন্টে থাকা কোনো ডেটা, ইমেল, গুগল ড্রাইভের ফাইল বা ছবি হারাবে না। সবকিছুই আগের মতো সুরক্ষিত থাকবে।
মজার বিষয় হলো, আপনার পুরনো ইমেল ঠিকানাটি পুরোপুরি মুছে যাবে না। সেটি একটি ‘অ্যালিয়াস’ বা বিকল্প ইমেল হিসেবে কাজ করবে। ফলে কেউ যদি আপনার পুরনো ঠিকানাতেও মেল পাঠান, তবে সেটি আপনার নতুন ঠিকানার ইনবক্সেই এসে পৌঁছাবে। এমনকি ব্যবহারকারীরা পুরনো বা নতুন—যেকোনো আইডি দিয়েই গুগল ম্যাপস, ইউটিউব বা প্লে-স্টোরের মতো পরিষেবায় লগ-ইন করতে পারবেন।
রয়েছে কিছু বিশেষ শর্ত
সুবিধা থাকলেও এর ব্যবহারে কিছুটা লাগাম টেনেছে গুগল। এই ফিচারটি ব্যবহার করে বছরে মাত্র একবারই ইউজারনেম বদলানো যাবে এবং সারাজীবনে সর্বাধিক তিনবার এই সুযোগ পাওয়া যাবে। তবে স্বস্তির বিষয় হলো, কেউ চাইলে পুনরায় তাঁর পুরনো ইমেল ঠিকানায় ফিরে যাওয়ার সুযোগও পাবেন।
ইউজারনেম পরিবর্তনের সহজ ধাপসমূহ:
১. গুগল অ্যাকাউন্টের ‘Settings’-এ গিয়ে ‘Personal Info’ অপশনে ক্লিক করুন।
২. এরপর ‘Email’ সেকশনে গিয়ে ‘Google Account Email’ নির্বাচন করুন।
৩. আপনার অ্যাকাউন্ট যোগ্য হলে সেখানে ‘Change Google Account Email’ অপশনটি দেখা যাবে।
৪. এরপর একটি নতুন এবং ইউনিক ইউজারনেম সেট করলেই কেল্লাফতে!
নিরাপত্তার খাতিরে গুগল ব্যবহারকারীদের ব্যাকআপ রাখার পরামর্শ দিলেও আশ্বস্ত করেছে যে, এই প্রক্রিয়ায় তথ্য হারানোর কোনো ঝুঁকি নেই। নিঃসন্দেহে গুগলের এই পদক্ষেপ জিমেল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও পেশাদার ও সহজতর করে তুলবে।