ইতিহাসে প্রথমবার ২ লক্ষের গণ্ডি পার! আকাশছোঁয়া বিমান জ্বালানির দাম, পকেটে টান পড়বে যাত্রীদের

ভারতের বিমান পরিবহণ ইতিহাসে এই প্রথমবার এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) বা বিমান জ্বালানির দাম ২ লক্ষ টাকার গণ্ডি অতিক্রম করল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরেই এই রেকর্ড দাম বৃদ্ধি ঘটেছে, যার সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ যাত্রীদের পকেটে। দিল্লির সরকারি তথ্য অনুসারে, প্রতি কিলোলিটার বিমান জ্বালানির দাম ৯৬,৬৩৮ টাকা থেকে এক লাফে বেড়ে হয়েছে ২,০৭,৩৪১.২২ টাকা—অর্থাৎ বৃদ্ধির হার ১০০ শতাংশেরও বেশি।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ১০৫ ডলারের কাছাকাছি পৌঁছেছে। আন্তর্জাতিক বিমান পরিবহণ সংস্থার তথ্য বলছে, গত মাত্র এক মাসে বিশ্বজুড়ে জেট ফুয়েলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। কলকাতায় আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জ্বালানির দাম প্রতি কিলোলিটারে প্রায় ১,৭২৭ ডলারে ঠেকেছে, যা দেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ।
এই পরিস্থিতির জেরে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং আকাসা এয়ারের মতো সংস্থাগুলি ইতিমধ্যেই অতিরিক্ত ‘ফুয়েল সারচার্জ’ বসানোর পথে হাঁটছে। এর পাশাপাশি ডলারের তুলনায় টাকার রেকর্ড পতন এবং যুদ্ধের কারণে কিছু আকাশপথ বন্ধ থাকায় বিমানগুলিকে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে, যা জ্বালানি খরচ আরও বাড়িয়ে দিয়েছে। সংকট মোকাবিলায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু রাজ্যগুলিকে ভ্যাট (VAT) কমানোর অনুরোধ জানিয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে বিমানের টিকিটের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়িয়েছে।