হরমুজে ১৮টি ভারতীয় জাহাজ বন্দি! জ্বালানি সংকটের মুখে মাস্টারস্ট্রোক মোদী সরকারের, নয়া উৎস আফ্রিকা?

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে এক অভূতপূর্ব সংকটের মুখে ভারত। একদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় ভারতের ১৮টি জাহাজ সেখানে আটকে পড়েছে। অন্যদিকে, আমেরিকা বা রাশিয়া থেকে এলপিজি (LPG) আমদানি করতে গিয়ে আকাশছোঁয়া পরিবহন খরচের ধাক্কায় নাজেহাল হচ্ছে নয়াদিল্লি। এই উভয় সঙ্কট কাটাতে এবার পশ্চিম আফ্রিকার দেশগুলির ওপর নজর দিচ্ছে ভারত।

সূত্রের খবর, নাইজেরিয়া, আলজেরিয়া এবং অ্যাঙ্গোলা থেকে এলপিজি আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এছাড়া ক্যামেরুন ও মোজাম্বিক থেকে এলএনজি আমদানির প্রক্রিয়াও শুরু হয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীতে ভারতের নিজস্ব জাহাজের পাশাপাশি জ্বালানি বোঝাই ১০টি বিদেশি জাহাজও আটকে রয়েছে, যার মধ্যে ৩টি এলপিজি ও ৪টি অপরিশোধিত তেলের জাহাজ। পরিস্থিতি এতটাই জটিল যে, নতুন করে কোনও খালি জাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানো সম্ভব হচ্ছে না।

তবে এই সংকটের মধ্যেও প্রতিবেশী দেশগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশকে ৭০০০ টন ডিজেল পাঠানো হয়েছে। এপ্রিল মাসে অসমের নুমালিগড় তৈল শোধনাগার থেকে মোট ৪০ হাজার টন ডিজেল যাবে বাংলাদেশে। পাশাপাশি শ্রীলঙ্কাকেও ৩৮ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠিয়ে ভারত প্রমাণ করল, প্রতিকূল পরিস্থিতিতেও তারা বিশ্বস্ত প্রতিবেশী।