বকেয়া ডিএ নিয়ে বিরাট পদক্ষেপ নবান্নের! ১ এপ্রিল মেগা বৈঠক, অ্যাকাউন্টে টাকা আসা নিয়ে এল বড় আপডেট

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর এবার রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে কোমর বেঁধে নামল নবান্ন। পঞ্চম পে কমিশনের বকেয়া মেটানোর লক্ষ্যে সোমবার অর্থ দপ্তরের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বৈঠকের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ এপ্রিল অর্থ দপ্তরের কনফারেন্স হলে অতিরিক্ত মুখ্যসচিবের উপস্থিতিতে এই মেগা বৈঠক অনুষ্ঠিত হবে।
গত ১২ মার্চের নির্দেশিকা অনুযায়ী, কর্মীদের ডিএ এবং ডিআর সংক্রান্ত তথ্য সংকলনের কাজ কতদূর এগোল, তা খতিয়ে দেখতেই এই তলব। বিশেষত স্কুল, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থাগুলির অ্যাকাউন্টস বিভাগের আধিকারিক ও ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। ইতিপূর্বে এই স্তরের কর্মীদের ডিএ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, বুধবারের বৈঠকেই তার স্থায়ী সমাধান মিলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে, রোপা-২০০৯ অনুযায়ী বকেয়া ডিএ মার্চ ২০২৬ থেকেই দেওয়া শুরু হবে। রাজ্য সরকার ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ দুটি কিস্তিতে মেটানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম কিস্তির টাকা মার্চ মাসে এবং দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বর মাসে সরাসরি কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার শিক্ষক, শিক্ষাকর্মী ও পুরসভার কর্মচারীরা দীর্ঘদিনের বকেয়া পেতে চলেছেন।