তৃতীয় বিশ্বযুদ্ধের রণদামামা! ইরানে আমেরিকার ‘বাঙ্কার-বাস্টার’ হামলা, পালটা মিসাইল বৃষ্টি জেরুজালেমে

পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখন আক্ষরিক অর্থেই আগ্নেয়গিরির মুখে। মঙ্গলবার ভোরে ইরানের রণকৌশলগত প্রাণকেন্দ্র ইসফাহানে (Isfahan) আমেরিকা ও ইজরায়েলের যৌথ বাহিনী এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। লক্ষ্য ছিল মাটির তলার বিশাল অস্ত্রভাণ্ডার। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর রিপোর্ট অনুযায়ী, ৯০০ কেজি ওজনের বিধ্বংসী ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, যার কম্পন অনুভূত হয়েছে মাইলের পর মাইল। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রলয়ঙ্করী বিস্ফোরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ইরানও হাত গুটিয়ে বসে থাকেনি। হামলার কয়েক মিনিটের মধ্যেই আমেরিকার অত্যাধুনিক ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন গুলি করে নামিয়েছে তেহরানের আকাশ সুরক্ষা বাহিনী। পালটা প্রত্যাঘাতে ইজরায়েলের রাজধানী জেরুজালেম লক্ষ্য করে বৃষ্টির মতো মিসাইল ছুঁড়েছে ইরান। মঙ্গলবার ভোরে অন্তত ১০টি বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে জেরুজালেম। যদিও ইজরায়েলি ডিফেন্স ফোর্স (IDF) দাবি করেছে, তাদের আকাশ সুরক্ষা কবচ অধিকাংশ মিসাইল মাঝপথেই ধ্বংস করেছে।
এর আগে তেহরানের ১৭০টি ঘাঁটিতে প্রায় ৪০০টি বিস্ফোরক ব্যবহার করে তাণ্ডব চালিয়েছিল আইডিএফ। তারই বদলা হিসেবে আজকের এই রক্তক্ষয়ী সংঘাত। ইরান এবং আমেরিকা-ইজরায়েল জোটের এই সরাসরি লড়াইয়ে বিশ্বজুড়ে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক দানা বাঁধছে।