বাঙালি বধূকে গণধর্ষণ! চেনা যুবকের ওপর ভরসা করাই কাল হল, শিউরে ওঠা কাণ্ড ভুবনেশ্বরে

ভুবনেশ্বরের তামান্ডো থানা এলাকায় এক বাঙালি মহিলাকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২৭ মার্চ (শুক্রবার) ওড়িশার চন্দকা এলাকায় এই পৈশাচিক ঘটনাটি ঘটলেও সোমবার নির্যাতিতা সাহস সঞ্চয় করে থানায় অভিযোগ জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ ইতিমধ্য়েই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে।
ঘটনার সূত্রপাত:
নির্যাতিতা ও তাঁর স্বামী কর্মসূত্রে ওড়িশার চন্দকা এলাকায় থাকতেন, পেশায় তাঁর স্বামী একজন রাজমিস্ত্রি। গত শুক্রবার পারিবারিক অশান্তির জেরে ওই মহিলা ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন। স্টেশনে যাওয়ার জন্য তিনি তাঁর পরিচিত এক যুবক বিচিত্র সাহুর সাহায্য চান। বিচিত্র তাঁকে স্টেশনে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গাড়িতে তোলে। কিন্তু স্টেশনে না নিয়ে গিয়ে বিচিত্র ও তার এক সঙ্গী নারায়ণ সোয়াইন ওই মহিলাকে এমসের (AIIMS) কাছে নরসিংহপুর এলাকায় একটি নির্জন বাড়িতে নিয়ে যায়।
পৈশাচিক অত্যাচার ও হুমকি:
সেখানে ওই দুই যুবক মিলে মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, বিষয়টি কাউকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। আতঙ্কে ও মানসিক ট্রমার কারণে প্রথমে চুপ থাকলেও সোমবার তামান্ডো মহিলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
পুলিশি পদক্ষেপ:
অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ১০২/২০২৬ নম্বর ধারায় মামলা রুজু করে তদন্তে নামে। সোমবারই নয়াপাড়ার বাসিন্দা বিচিত্র সাহু এবং নারায়ণ সোয়াইনকে পাকড়াও করে পুলিশ। ধৃতদের আদালতে তোলা হলে তাদের জামিনের আবেদন খারিজ করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং পুলিশ তাঁর বয়ান রেকর্ড করে ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে।