শুভেন্দুর সম্পদ কমল ৫ বছরে, জেনেনিন কত টাকার মালিক বিরোধী দলনেতা?

২০২৬-এর মেগা লড়াইয়ে দ্বিগুণ চ্যালেঞ্জ নিয়ে ময়দানে শুভেন্দু অধিকারী। একদিকে নিজের গড় নন্দীগ্রাম, অন্যদিকে খাস কলকাতা অর্থাৎ ভবানীপুরে খোদ মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জার। মনোনয়ন পেশের প্রথম দিনেই নিজের সম্পত্তির খতিয়ান সামনে আনলেন বিজেপি প্রার্থী। তবে আশ্চর্যের বিষয় হলো, পাঁচ বছর আগের তুলনায় তাঁর সম্পত্তির পরিমাণ বাড়ার বদলে উল্টে কমেছে!
কত সম্পত্তি কমল শুভেন্দুর?
২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর দেওয়া হিসেব অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৯০ লক্ষ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা। ২০২৬-এর হলফনামা বলছে, তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির বর্তমান মোট মূল্য ৮৫ লক্ষ ৮৭ হাজার ৬০০ টাকা। অর্থাৎ গত ৫ বছরে বিরোধী দলনেতার সম্পত্তি কমেছে প্রায় ৪ লক্ষ ১৮ হাজার ৫৪৯ টাকা।
হাতে নগদ কত? কী কী সম্পদ আছে?
হলফনামা অনুযায়ী, শুভেন্দু অধিকারীর জীবনযাপন তথাকথিত ‘ভিভিআইপি’দের মতো নয়। তাঁর সম্পদের বিবরণীতে যা পাওয়া গিয়েছে:
-
নগদ টাকা: বর্তমানে তাঁর হাতে রয়েছে মাত্র ১২ হাজার টাকা।
-
গাড়ি ও সোনা: নিজের নামে কোনো গাড়ি নেই, নেই কোনো সোনাদানাও।
-
ব্যাঙ্ক ব্যালেন্স: বিভিন্ন অ্যাকাউন্টে জমা আছে ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা। এছাড়া কিষাণ বিকাশ পত্র ও ডাকঘরে কিছু সঞ্চয় রয়েছে।
-
স্থাবর সম্পত্তি: এগরা ও নন্দীগ্রামে কৃষি জমি ছাড়াও তমলুক ও কুমারপুরে ফ্ল্যাট এবং কারকুলিতে একটি আবাসিক ভবন রয়েছে। যার মোট বাজারমূল্য ৬১ লক্ষ ৩০ হাজার টাকা।
১৯ পাতার মামলার পাহাড়!
শুভেন্দুর হলফনামার সবথেকে বড় অংশ জুড়ে রয়েছে তাঁর বিরুদ্ধে থাকা মামলার তালিকা। প্রায় ১৯-২০টি পাতাজুড়ে একের পর এক অভিযোগের বর্ণনা দেওয়া হয়েছে।
-
থানার তালিকা: বেলেঘাটা থেকে শুরু করে ভূপতিনগর, খড়গপুর, ঝাড়গ্রাম এমনকি আলিপুরদুয়ার— রাজ্যের প্রায় সব প্রান্তের থানায় মামলা রয়েছে তাঁর নামে।
-
অভিযোগের ধরন: তালিকায় রয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর, আর্থিক দুর্নীতি, সাম্প্রদায়িক উস্কানি, খুনের চেষ্টা এমনকি পকসো (POCSO) আইনের মতো গুরুতর অভিযোগও। যার অনেকগুলোই বর্তমানে নিম্ন আদালতে বিচারাধীন।
শিক্ষাগত যোগ্যতা
হলফনামায় শুভেন্দু জানিয়েছেন, তিনি ২০১১ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (MA) পাশ করেছেন।
আগামী ৪ মে ভোটের ফলাফলই বলবে, সম্পত্তির অঙ্ক কমলেও রাজনৈতিক ময়দানে শুভেন্দুর গ্রাফ ঊর্ধ্বমুখী হয় কি না।