ইডেনে পিচ বিতর্ক: নাইটদের ‘ঘূর্ণি’ আবদার বনাম কিউরেটরের অনড় জেদ, সংঘাত কি অনিবার্য?

আইপিএল ২০২৬-এর বোধন হতে আর মাত্র ৭২ ঘণ্টা বাকি। আগামী বৃহস্পতিবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ম্যাচ শুরুর আগেই মাঠের বাইরের পারদ চড়তে শুরু করেছে। সৌজন্যে— সেই চিরন্তন ‘পিচ বিতর্ক’। ঘরের মাঠে বাড়তি সুবিধা পেতে মরিয়া কেকেআর শিবির কিউরেটরের কাছে ‘টার্নিং ট্র্যাক’ বা ঘূর্ণি পিচের আবদার জুড়েছে, যা নিয়ে শুরু হয়েছে প্রবল টানাপড়েন।
কেন হঠাৎ স্পিন-নির্ভরতা? এবারের নিলামে কেকেআর তাদের পেস বিভাগকে ঢেলে সাজিয়েছিল। কিন্তু মরসুম শুরুর আগেই ধাক্কার পর ধাক্কা। রাজনৈতিক কারণে মুস্তাফিজুর রহমানকে পাওয়া যায়নি, চোটের কারণে ছিটকে গিয়েছেন আকাশ দীপ ও হর্ষিত রানা। মাথিশা পাথিরানাও সম্পূর্ণ ফিট নন। বিকল্প হিসেবে ব্লেসিং মুজারাবানি বা নভদীপ সাইনিরা এলেও তাঁদের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে কেকেআরের একমাত্র ভরসা এখন সেই পুরনো ‘স্পিন-অস্ত্র’। সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে কুপোকাত করতে চাইছে নাইট ম্যানেজমেন্ট। আর সেই কারণেই কিউরেটর সুজনোপাধ্যায়ের কাছে তাঁদের দাবি— এমন পিচ দেওয়া হোক যেখানে বল পড়ে লাট্টুর মতো ঘুরবে।
কিউরেটরের অনড় অবস্থান: সোমবার বিকেলে ইডেনের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। বাইশ গজে তখন সবুজের সমারোহ। কিউরেটর সুজন মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি স্পোর্টিং উইকেট বানাতে চান যেখানে ব্যাটার ও বোলার দুজনেই সুবিধা পাবেন। তাঁর কথায়, “টি-২০ ফর্ম্যাটে যেরকম বিনোদনমূলক উইকেট হওয়া উচিত, তেমনই হবে।” অর্থাৎ, নাইটদের ‘অর্ডারি পিচ’ দেওয়ার কোনও ইঙ্গিতই দেননি তিনি। ইডেনের সংস্কারের পর থেকে এখানকার উইকেট গতিময় ও বাউন্সি হয়েছে, যা কেকেআরের বর্তমান স্পিন-নির্ভর কৌশলের পরিপন্থী।