সিম জালিয়াতি ও ফিশিং রুখতে আরবিআই-এর ‘মাস্টারস্ট্রোক’! ডিজিটাল পেমেন্টে আসছে ৫টি বড় বদল

ডিজিটাল লেনদেনের দুনিয়ায় প্রতারকদের বাড়বাড়ন্ত রুখতে ১ এপ্রিল থেকে সুরক্ষা কবচ আরও মজবুত করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নতুন অর্থবর্ষের শুরু থেকেই বদলে যাচ্ছে অনলাইন পেমেন্টের চেনা নিয়ম। এবার থেকে শুধু মোবাইলে আসা ওটিপি (OTP) দিলেই পেমেন্ট সফল হবে না, পার করতে হবে নিরাপত্তার আরও কঠিন স্তর। মূলত সিম সোয়াপ (SIM Swap) এবং ফিশিং জালিয়াতি রুখতেই এই কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
আরবিআই-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, সব ধরনের ডিজিটাল লেনদেনে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ (2-Factor Authentication) বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে আর কেবল এসএমএস ওটিপি-র ওপর ভরসা করা হবে না। পরিবর্তে বায়োমেট্রিক, পিন, পাসওয়ার্ড বা টোকেনাইজেশনের মতো অতিরিক্ত স্তরের যাচাইকরণ প্রক্রিয়া যুক্ত হবে। সবচেয়ে বড় বদলটি হলো ‘ডায়নামিক অথেন্টিকেশন’। অর্থাৎ, আপনি যদি ৫০০ টাকার লেনদেনের জন্য একটি কোড পান, তবে সেই একই কোড দিয়ে সামান্য সময় পরেও অন্য কোনও অঙ্কের লেনদেন করা যাবে না। প্রতিটি নির্দিষ্ট টাকার অঙ্কের জন্য আলাদা কোড জেনারেট হবে।
এই নতুন নিয়মে সাধারণ মানুষের লাভ কী? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন থেকে প্রতারকদের হাতে আপনার সিম কার্ড বা ওটিপি থাকলেও তারা টাকা হাতাতে পারবে না, কারণ আপনার আঙুলের ছাপ বা বিশেষ পিন ছাড়া লেনদেন সম্ভব হবে না। এছাড়া, বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে সিস্টেম অতিরিক্ত যাচাইকরণের দাবি জানাবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, ১ এপ্রিলের পর কোনও আর্থিক জালিয়াতি হলে ব্যাঙ্ক বা পেমেন্ট কোম্পানিগুলি আর দায় এড়াতে পারবে না। গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করার গুরুদায়িত্ব এখন থেকে সরাসরি আর্থিক প্রতিষ্ঠানগুলির ওপর বর্তাবে।