পকেটে টান পড়ার সংকেত? সেনসেক্স-নিফটির রক্তস্নানের মাঝেই রুপির নজিরবিহীন পতন

ভারতীয় মুদ্রার ইতিহাসে আজকের দিনটি এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রইল। সোমবার মুদ্রা বাজারে নজিরবিহীন বিপর্যয়ের সাক্ষী থাকল দেশ। দিনের শুরুতে কিছুটা আশার আলো দেখালেও, বেলা বাড়তেই হু হু করে কমতে থাকে রুপির দাম। প্রথমবার মার্কিন ডলারের তুলনায় ভারতীয় রুপির বিনিময় মূল্য ৯৫ টাকার গণ্ডি ছাড়িয়ে ৯৫.৫৮-এর সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে। বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পতন এখানেই থামবে না; আগামী দিনে রুপির দাম আরও কমতে পারে।
মুম্বইয়ের ফরেক্স মার্কেটে আজ এক নাটকীয় মোড় দেখা যায়। সকালে রুপি আগের দিনের তুলনায় ১২৮ পয়সা শক্তিশালী হয়ে ৯৩.৫৭-এর স্তরে পৌঁছালেও, বিকেলের দিকে তা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দিনের সর্বোচ্চ স্তর থেকে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রুপির দর ২.৩৩ টাকা কমে যায়। পরিসংখ্যান বলছে, গত এক বছরে ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম প্রায় ১২ টাকা হ্রাস পেয়েছে। গত শুক্রবার যেখানে ১ ডলারের দাম ছিল ৯৪.৮৫ টাকা, সোমবার তা সমস্ত রেকর্ড ভেঙে নতুন তলানি স্পর্শ করল।
এই পতনের প্রধান কারণ হিসেবে বিশেষজ্ঞরা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চড়া দাম এবং ডলার ইনডেক্সের শক্তিশালী হওয়াকে দায়ী করছেন। বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১৫.৫০ ডলারে পৌঁছেছে, যা আমদানিনির্ভর ভারতীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে। এর সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। সোমবার সেনসেক্স ১৭৩৩.৭৮ পয়েন্ট এবং নিফটি ৫২৮.৪৫ পয়েন্ট পড়ে যাওয়ায় লগ্নিকারীদের মাথায় হাত। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) এক দিনেই প্রায় ৪,৩৬৭ কোটি টাকার শেয়ার বিক্রি করে দেওয়ায় বাজার আরও অস্থির হয়ে পড়েছে।