১ এপ্রিল থেকে পকেটে টান! মহার্ঘ হচ্ছে FASTag বার্ষিক পাস, জেনে নিন নতুন রেট

নতুন অর্থবর্ষের শুরুতেই সাধারণ মানুষের পকেটে টান পড়তে চলেছে। আগামী ১ এপ্রিল থেকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) ফাস্ট্যাগ (FASTag) বার্ষিক পাসের চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সড়ক পরিবহন কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, বার্ষিক পাসের ফিতে প্রায় ২.৫ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। ফলে যারা জাতীয় সড়ক বা এক্সপ্রেসওয়েতে নিয়মিত যাতায়াত করেন, তাঁদের খরচ এবার কিছুটা বাড়তে চলেছে।

বর্তমানে বার্ষিক ফাস্ট্যাগ পাসের জন্য গ্রাহকদের ৩০০০ টাকা দিতে হয়। তবে পয়লা এপ্রিল থেকে এই পাসের জন্য গুনতে হবে ৩০৭৫ টাকা। অর্থাৎ, সরাসরি ৭৫ টাকা বৃদ্ধি পাচ্ছে এই ফি। মূলত ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করতে এবং টোল প্লাজায় যানজট কমাতে সরকার এই ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চালু করেছিল। এই বার্ষিক পাসের মাধ্যমে একবার পেমেন্ট করলেই সারা বছর বা ২০০ বার টোল অতিক্রম করার সুবিধা পাওয়া যায় (যেটি আগে পূর্ণ হবে)। এই সুবিধাটি দেশের প্রায় ১১৫০টি টোল প্লাজায় কার্যকর, তবে মনে রাখবেন বেসরকারি বা রাজ্য নিয়ন্ত্রিত হাইওয়েতে এই পাস প্রযোজ্য নয়।

যাঁদের পাসের মেয়াদ শেষ হতে চলেছে, তাঁরা ৩১ মার্চের মধ্যেই বর্তমান দামে রিনিউ করে নিতে পারেন। রিনিউ করার পদ্ধতিও অত্যন্ত সহজ। NHAI-এর ‘রাজমার্গ যাত্রা’ অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর ‘Annual Toll Pass’ বিকল্পে গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর (VRN) দিয়ে ইউপিআই, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে। টাকা জমা দেওয়ার ২ ঘণ্টার মধ্যেই আপনার পাসটি সক্রিয় হয়ে যাবে। যারা ঘনঘন হাইওয়ে ব্যবহার করেন, তাঁদের জন্য এই পাস অত্যন্ত সাশ্রয়ী ও সময় সাপেক্ষ।