এক রাতেই তিন জায়গায় বিধ্বংসী আগুন! বনগাঁ থেকে ডোমজুড়— পুড়ছে বাংলা?

উত্তর ২৪ পরগনার বনগাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার গভীর রাতে বনগাঁ থানার কলমবাগান বাজারে লাগা বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল প্রায় ৫০টি দোকান। স্থানীয় সূত্রের খবর, মাছ, সবজি, চাল, মুদিখানা থেকে শুরু করে কসমেটিক্সের দোকান— কিছুই রক্ষা পায়নি আগুনের লেলিহান শিখা থেকে। ৩৫ বছরের পুরনো এই বাজারে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কায় মাথায় হাত ব্যবসায়ীদের।

গতকাল মধ্যরাতে যখন বাজার জনশূন্য, তখনই হঠাৎ আগুন লাগে। নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। স্থানীয় বাসিন্দারা প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ দমকল বিভাগের দুটি ইঞ্জিন। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানের কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আগুনের উৎস নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও শর্ট সার্কিট থেকে এই বিপর্যয় বলে প্রাথমিক অনুমান।

অন্যদিকে, আগুনের দাপট দেখা গিয়েছে হাওড়ার ডোমজুড় ও জগৎবল্লভপুরেও। আজ সকাল ৬টা নাগাদ ডোমজুড়ের জঙ্গলপুরে একটি বৈদ্যুতিক পাখা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ, দমকলের চারটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। পাশাপাশি গতকাল রাতে জগৎবল্লভপুরের শঙ্করহাটি গ্রামে একটি কম্বল তৈরির কারখানাতেও আগুন লাগে। সেখানে মজুদ থাকা তুলো ও পাটের ছাঁট দাউদাউ করে জ্বলতে শুরু করায় আতঙ্ক ছড়ায় এলাকায়। রাজ্যের একাধিক জায়গায় এই পর পর অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।