সিইও অফিসের বাইরে তৃণমূলের রণক্ষেত্র! ব্যারিকেড ভাঙার চেষ্টা শশী-চন্দ্রিমাদের, রণংদেহি মেজাজে অভিষেক

২০২৬ বিধানসভা নির্বাচনের মুখে কলকাতায় নির্বাচন কমিশনের (CEO) দপ্তরের সামনে নজিরবিহীন বিক্ষোভে সামিল হলো তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেলে শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিইও অফিসের বাইরে ব্যাপক জমায়েত ও ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তৃণমূল কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ।

বিক্ষোভের মাঝেই নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাংলার গণতান্ত্রিক অধিকার খর্ব করতে বিজেপি এক গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। অভিষেক দাবি করেন, বিপুল সংখ্যক ‘ফর্ম ৬’ (নতুন ভোটার হওয়ার আবেদন) অত্যন্ত সন্দেহজনকভাবে জমা পড়ছে। তাঁর আশঙ্কা, বিজেপি বাইরে থেকে এমন লোকেদের ভোটার তালিকায় নাম তোলাচ্ছে যাদের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। একটি ভিডিও শেয়ার করে তিনি প্রশ্ন তুলেছেন, কেন হাজার হাজার ফর্ম এভাবে স্তূপ করে রাখা হচ্ছে? অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনকে এর জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।