ময়নাতদন্তে বিস্ফোরক তথ্য, শ্মশানে ভিড় টলি-তারকাদের—শেষ বিদায় নিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

চোখের জলে শেষ বিদায় জানানো হলো অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। সোমবার বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তবে শোকের আবহের মধ্যেও শ্মশান চত্বরে তৈরি হয় সংঘাতের পরিস্থিতি। সূত্রের খবর, ভিড় এড়াতে পরিবারের পক্ষ থেকে আড়ম্বরহীন বিদায়ের অনুরোধ জানানো হলেও, সায়নী ঘোষ-সহ কয়েকজনকে শ্মশানের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া নিয়ে উপস্থিত অনেকের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

প্রিয় ‘বাবিন’-কে শেষ দেখা দেখতে এদিন শ্মশানে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত, রুদ্রনীল ও সুদীপ্তা চক্রবর্তীর মতো টলিউডের প্রথম সারির তারকারা। অভিনেতার বিজয়গড়ের বাড়ি থেকে সরাসরি দেহ নিয়ে আসা হয় শ্মশানে। এদিকে রাহুলের মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, ফুসফুসে অতিরিক্ত বালি ঢুকে তা আকারে দ্বিগুণ হয়ে গিয়েছিল, যা দীর্ঘক্ষণ জলের নিচে না থাকলে সম্ভব নয়। ওড়িশা পুলিশও জানিয়েছে, সমুদ্রে শ্যুটিংয়ের কোনো অনুমতি নেওয়া হয়নি। এই অকাল মৃত্যু সত্তরের দশকের অভিনেত্রী কেয়া চক্রবর্তী বা গায়ক জুবিন গর্গের মর্মান্তিক পরিণতির স্মৃতি উসকে দিল।