উৎকল এক্সপ্রেসে শিউরে ওঠা কাণ্ড! শৌচালয়ে পড়ে নবজাতক, ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা ও সমাজ

চলন্ত ট্রেনের শৌচালয় থেকে এক সদ্যোজাত কন্যাসন্তান উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের কাটনি জেলায়। সোমবার কাটনি মুডওয়ারা স্টেশনে দাঁড়িয়ে থাকা উৎকল এক্সপ্রেসের একটি কোচের শৌচালয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন এক যাত্রী। সঙ্গে সঙ্গে রেল পুলিশ ও আরপিএফ-কে খবর দেওয়া হলে তারা এসে শিশুটিকে উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে অনুমান, জন্মের পরই লোকচক্ষুর আড়ালে শিশুটিকে ট্রেনের শৌচালয়ে ফেলে রেখে চম্পট দিয়েছেন তার মা। জিআরপি আধিকারিক অনিল মারাভি জানিয়েছেন, শিশুটিকে দ্রুত জেলা হাসপাতালের নবজাতক পরিচর্যা বিভাগে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত মায়ের খোঁজ চালাচ্ছে পুলিশ। মাত্র তিন মাস আগে ভোপালগামী নর্মদা এক্সপ্রেসেও একই ধরনের অমানবিক ঘটনা ঘটেছিল, যা ফের সমাজের সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।