ভোটের গেরোয় মোহনবাগানের সূচি বদল! হাবাসের ইন্টার কাশীর বিরুদ্ধে কবে নামছে সবুজ-মেরুন?

বিধানসভা নির্বাচনের উত্তাপে এবার বদলে গেল মোহনবাগান সুপার জায়ান্টের (MBSG) ম্যাচের সূচি। এর আগে ইস্টবেঙ্গল বনাম মহামেডান মিনি ডার্বি পিছিয়ে গিয়েছিল, এবার সেই তালিকায় নাম জুড়ল সবুজ-মেরুনেরও। আগামী ২৬ এপ্রিল প্রাক্তন কোচ আন্তোনিও হাবাসের দল ইন্টার কাশীর মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগানের। কিন্তু রাজ্যে নির্বাচনের দ্বিতীয় দফার নিরাপত্তার কথা মাথায় রেখে সেই ম্যাচ পিছিয়ে ১২ মে করা হয়েছে।

দিন বদলালেও ম্যাচের ভেন্যু ও সময় অপরিবর্তিত থাকছে। যুবভারতী ক্রীড়াঙ্গনেই ১২ মে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই দ্বৈরথ। তবে শুধু ইন্টার কাশী নয়, ১২ এপ্রিল পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচেও নির্বাচনী আবহে দর্শক সংখ্যা সীমিত রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। বাগান সমর্থক মহলে বড় প্রশ্ন এখন ৩ মে-র ডার্বি নিয়ে। ৪ মে নির্বাচনের ফল প্রকাশের কথা থাকায় ডার্বির সূচিও বদলানোর প্রবল সম্ভাবনা রয়েছে, যদিও ফেডারেশন এখনও চূড়ান্ত কিছু জানায়নি। বর্তমানে লিগ টেবিলে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান।