সিদ্ধিনাথ মন্দিরে পুজো দিয়ে রণহুঙ্কার! দুই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু

২০২৬-এর মেগা লড়াইয়ে দ্বিমুখী চ্যালেঞ্জ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সকালে পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়া সিদ্ধিনাথ মন্দিরে পুজো দিয়ে হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন তিনি। এবারের নির্বাচনে শুভেন্দু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নন্দীগ্রাম এবং ভবানীপুর—এই দুটি হাই-ভোল্টেজ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনোনয়ন জমা দেওয়ার আগে রেয়াপাড়া মন্দিরে পূজা-অর্চনা সেরে আত্মবিশ্বাসী মেজাজে ধরা দেন শুভেন্দু। তবে সংবাদমাধ্যমের সামনে আসতেই চড়া সুরে আক্রমণ শানান প্রশাসনের একাংশের বিরুদ্ধে। বিশেষ করে নন্দীগ্রামের প্রাক্তন আইসি-কে নিশানা করে তিনি বলেন, “এখানে আইসি মালটা ছিল আইপ্যাকের। এদের কীভাবে পরিষ্কার করতে হয় আমি জানি।” শুভেন্দু স্পষ্ট করে দেন যে, নন্দীগ্রামে আইপ্যাক বা অন্য কোনো বহিরাগত প্রভাব তিনি বরদাস্ত করবেন না। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের কাছ থেকে প্রতীক সংগ্রহের পর এদিন কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে তাঁর এই মনোনয়ন পেশ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।