কলকাতা থেকে কাশ্মীর—জালের মতো ছড়ানো লস্কর নেটওয়ার্ক! ১১ বছর জেল খেটেও শুধরায়নি শাব্বির

রাজধানীতে ফের বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং গোয়েন্দা বিভাগ। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে লস্কর-ই-তইবা (LeT) জঙ্গি শাব্বির আহমেদ লোন-কে। গোয়েন্দা সূত্রে খবর, পাক গুপ্তচর সংস্থা ISI-এর মদতে বাংলাদেশ থেকে একটি নতুন জঙ্গি মডিউল তৈরির কাজ চালাচ্ছিল এই কুখ্যাত জঙ্গি।
তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শ্রীনগরের বাসিন্দা শাব্বির মূলত ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের মগজধোলাই করে জঙ্গি সংগঠনে নিয়োগ করত। সম্প্রতি দিল্লি ও কলকাতার বিভিন্ন জায়গায় জঙ্গি বুরহান ওয়ানির সমর্থনে পোস্টার সাঁটানোর পিছনেও ছিল এই মডিউলের হাত। ২০০৭ সালেও একে-৪৭ রাইফেল সহ গ্রেফতার হওয়া এই শাব্বির ১১ বছর তিহার জেলে ছিল। হাফিজ সইদ ও জাকিউর রহমান লাখভির সরাসরি ঘনিষ্ঠ এই জঙ্গি ২০১৮ সালে মুক্তি পেয়েই ফের সক্রিয় হয়ে ওঠে। বর্তমানে তার অন্যান্য সঙ্গীদের খোঁজে দিল্লি ও লাগোয়া এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।