১ এপ্রিল থেকে সিসিটিভি ক্যামেরায় কড়া নিষেধাজ্ঞা! মোদী সরকারের নতুন নিয়মে মাথায় হাত চিনা কোম্পানিগুলোর

আগামী ১ এপ্রিল থেকে ভারতের সিসিটিভি (CCTV) বাজারে আমূল পরিবর্তন আনতে চলেছে মোদী সরকার। জাতীয় নিরাপত্তার স্বার্থে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, এখন থেকে শুধুমাত্র সেইসব সিসিটিভি ক্যামেরা বিক্রি বা ইনস্টল করা যাবে, যাদের কাছে সরকারি নির্ধারিত STQC এবং BIS সার্টিফিকেশন রয়েছে। এই নিয়ম অমান্য করে কোনো অননুমোদিত ক্যামেরা বিক্রি বা আমদানি করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এই কড়া পদক্ষেপের ফলে হিকভিশন (Hikvision) বা দাহুয়া (Dahua)-র মতো জনপ্রিয় চিনা ব্র্যান্ডগুলোর অনেক মডেল ভারতীয় বাজার থেকে বিদায় নিতে পারে। সরকারের আশঙ্কা, বিদেশি বিশেষ করে চিনা চিপসেটযুক্ত ক্যামেরার মাধ্যমে তথ্য চুরি বা নজরদারির ঝুঁকি রয়েছে। এখন থেকে ক্যামেরার হার্ডওয়্যার এবং সোর্স কোড ভারতীয় ল্যাবে পরীক্ষা করা বাধ্যতামূলক। এর ফলে CP Plus, Sparsh বা Matrix-এর মতো দেশীয় ব্র্যান্ডগুলো বড়সড় সুবিধা পাবে। গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে, ১ এপ্রিলের পর সিসিটিভি কেনার আগে অবশ্যই সেটির সরকারি শংসাপত্র যাচাই করে নিন।