রাহুল অরুণোদয়ের মৃত্যুতে রহস্যের গন্ধ! নুলিয়ার দাবি বনাম ময়নাতদন্তের রিপোর্টে চরম অমিল

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মর্মান্তিক মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য। শুক্রবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিংয়ে ওড়িশার তালসারিতে পৌঁছেছিল গোটা টিম। রবিবার শ্যুটিং চলাকালীন সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রের সঙ্গে সমুদ্রে নেমেছিলেন রাহুল। উদ্ধারকারী নুলিয়া এবং হোটেল কর্তৃপক্ষের দাবি ছিল, অভিনেত্রীকে বাঁচানোর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই রাহুলকে জল থেকে তোলা হয়েছিল। কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সেই দাবিকে নস্যাৎ করে দিচ্ছে।

তমলুক হাসপাতাল সূত্রে পাওয়া ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, রাহুলের ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল এবং তাতে অস্বাভাবিক পরিমাণে বালি ও নোনা জল পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, অন্তত এক ঘণ্টার বেশি জলের তলায় না থাকলে ফুসফুসের এই অবস্থা হওয়া সম্ভব নয়। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে— তবে কি রাহুলকে উদ্ধারে দীর্ঘ দেরি হয়েছিল? শ্যুটিং ইউনিটের পক্ষ থেকে কি তবে তথ্য গোপন করা হচ্ছে? নিরাপত্তার গাফিলতি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।