কোর্ট ছেড়ে কি ভোটের ময়দানে লিয়েন্ডার? অমিত শাহের সঙ্গে বৈঠকের পর তুঙ্গে জল্পনা!

ভারতীয় টেনিসের কিংবদন্তি লিয়েন্ডার পেজকে (Leander Paes) ঘিরে ফের তপ্ত জাতীয় রাজনীতি। টেনিস কোর্টের ‘লি’ কি এবার পদ্ম শিবিরে? সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে লিয়েন্ডারের একান্ত বৈঠকের পর এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দিল্লির অলিন্দে। ২০২৬-এর মেগা বিধানসভা নির্বাচনের মুখে লিয়েন্ডারের এই সম্ভাব্য রাজনৈতিক পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। গোয়া নির্বাচনে দলের হয়ে প্রচারও করেছিলেন। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। সূত্রের খবর, বিজেপি তাঁকে সরাসরি নির্বাচনী ময়দানে প্রার্থী না করলেও, ‘মিশন ২০৩৬ অলিম্পিক’-এর বড় কোনো দায়িত্ব দিতে পারে। আহমেদাবাদকে কেন্দ্র করে ভারত যে অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে, সেখানে লিয়েন্ডারের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে মোদী সরকার। তবে ভোটের মুখে তারকা প্রচারক হিসেবে তাঁকে বাংলা বা অন্য নির্বাচনী রাজ্যে দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনা জিইয়ে রইল।