ড্রোনের পিঠে র্যামজেট ইঞ্জিন! শব্দের চেয়েও দ্রুত গতিতে শত্রু খতম করবে ভারতীয় সেনা

যুদ্ধক্ষেত্রে শত্রুকে চোখের পলকে ছাই করে দিতে এবার সুপারসনিক ড্রোনের ওপর বাজি ধরছে ভারতীয় সেনাবাহিনী। ‘অদিতি ৪.০’ (ADITI 4.0) উদ্ভাবন কাঠামোর অধীনে এমন এক ‘লোইটারিং মিউনিশন’ বা ঘাতক ড্রোন তৈরির কাজ শুরু হয়েছে, যা র্যামজেট (Ramjet) ইঞ্জিন চালিত। এই ড্রোনের বিশেষত্ব হলো, এটি শব্দের চেয়েও দ্রুত গতিতে উড়তে সক্ষম এবং রাডারের নজরদারি এড়িয়ে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে।
বর্তমানে ব্যবহৃত ড্রোনগুলো মূলত সাবসনিক বা ধীরগতির হওয়ায় আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলোকে আটকে দেওয়া সহজ। কিন্তু র্যামজেট ইঞ্জিনের সুবাদে ভারতের এই নতুন ড্রোনগুলো উচ্চ তাপমাত্রার উপাদান ও উন্নত অ্যারোডাইনামিক্স ব্যবহার করে শত্রুর ট্যাঙ্ক বা কমান্ড সেন্টার নিমেষেই উড়িয়ে দেবে। এটি ড্রোনের মতো আকাশে ভেসে থেকে লক্ষ্যবস্তু খুঁজবে এবং সুযোগ বুঝে ক্ষেপণাস্ত্রের মতো ক্ষিপ্র গতিতে আছড়ে পড়বে। ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই এই প্রকল্পের অধীনে তিনটি প্রোটোটাইপ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।