এআই-এর সঙ্গে যৌনতা? আপাতত স্বপ্নই থাকছে! থমকে গেল চ্যাটজিপিটি-র ‘এরোটিক মোড’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে যে চর্চা শুরু হয়েছিল, তাতে বড়সড় ব্রেক কষল ওপেনএআই (OpenAI)। বহুল আলোচিত এবং বিতর্কিত ‘এরোটিক মোড’ (Erotic Mode) বা ‘নটি চ্যাট’ ফিচারটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চ্যাটজিপিটি কর্তৃপক্ষ। মূলত ব্যবহারকারীর নিরাপত্তা, নৈতিক উদ্বেগ এবং নাবালকদের কাছে আপত্তিকর কন্টেন্ট পৌঁছে যাওয়ার ঝুঁকি এড়াতেই এই পিছু হঠা।
সাম্প্রতিককালে দেখা গিয়েছে, অনেকেই চ্যাটবটকে সঙ্গী ভেবে মনের কথা বলার পাশাপাশি যৌনতাপূর্ণ চ্যাটেও লিপ্ত হচ্ছেন। এলন মাস্কের ‘Grok’ এআই মডেলে এমন ফিচারের উপস্থিতির পর স্যাম অল্টম্যানের সংস্থা চ্যাটজিপিটিতেও প্রাপ্তবয়স্কদের জন্য বিধিনিষেধ শিথিল করার কথা ভেবেছিল। এমনকি অল্টম্যান জানিয়েছিলেন, “প্রাপ্তবয়স্কদের প্রাপ্তবয়স্কের মতোই বিবেচনা করা হবে।” কিন্তু দীর্ঘ গবেষণার পর সংস্থা বুঝতে পেরেছে যে, এআই-এর এমন যৌনতাপূর্ণ আচরণ মানুষের আবেগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আপাতত প্রযুক্তিগত উৎকর্ষ এবং সুরক্ষার দিকেই নজর দিচ্ছে ওপেনএআই।