ভারতের নিজস্ব ‘এস-৪০০’! ২১,৭০০ কোটির ‘প্রজেক্ট কুশা’য় কাঁপবে আকাশ

ভারতের আকাশসীমা সুরক্ষিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। রাশিয়ার এস-৪০০ মিসাইল সিস্টেমের দেশীয় বিকল্প হিসেবে তৈরি হচ্ছে ‘প্রজেক্ট কুশা’ (Project Kusha)। ভারতীয় বিমান বাহিনী (IAF) ইতিমধ্যেই ২১,৭০০ কোটি টাকা ব্যয়ে এই সিস্টেমের পাঁচটি স্কোয়াড্রন কেনার সবুজ সংকেত দিয়েছে।

এই প্রতিরক্ষা ব্যবস্থার মূল শক্তি হলো এর ত্রি-স্তরীয় নিরাপত্তা ঢাল। এর এম১ (M1) ক্ষেপণাস্ত্র ১৫০ কিমি পাল্লার মধ্যে ফাইটার জেট ও ড্রোন ধ্বংস করতে সক্ষম। ২০২৭ ও ২০২৮ সালের মধ্যে আসবে ২৫০ কিমি এবং ৩৫০-৪০০ কিমি পাল্লার এম২ ও এম৩ সংস্করণ। বিশেষ সলিড রকেট মোটর চালিত এই ক্ষেপণাস্ত্রগুলো হাইপারসনিক গতির লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে আঘাত করতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, এটি বিদেশি সিস্টেমের তুলনায় সস্তা এবং এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও সফটওয়্যার থাকবে ভারতের হাতেই। ড্রোন হামলা থেকে শুরু করে স্টিলথ বিমান—সব ধরণের আধুনিক হুমকি মোকাবিলায় ‘প্রজেক্ট কুশা’ ভারতকে করে তুলবে আত্মনির্ভরশীল।