জমি প্রতারণা মামলায় বিড়ম্বনায় তৃণমূল? নির্বাচনের মুখে দেবাশিসকে ইডি তলবে তুঙ্গে রাজনৈতিক তরজা

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে বড়সড় ধাক্কা ঘাসফুল শিবিরে। রাসবিহারী কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা হেভিওয়েট নেতা দেবাশিস কুমারকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার সকালেই শমন পেয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হয় তাঁকে। সূত্রের খবর, জমি প্রতারণা সংক্রান্ত একটি পুরনো মামলার তদন্তেই এই জিজ্ঞাসাবাদ।
নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝে এই তলবকে ঘিরেই উত্তাল রাজ্য রাজনীতি। বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপিকে নিশানা করেছেন। তিনি বলেন, “বিজেপি যখন সরাসরি রাজনীতিতে হেরে যাচ্ছে, তখন ইডি-সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ক্যাডার হিসেবে ব্যবহার করছে। যারা সরাসরি রাজনীতি করে না, তারাই এখন এজেন্সি হয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছে।” কুণাল আরও অভিযোগ করেন যে, ভোটার লিস্ট থেকে নাম কাটা বা ভয় দেখানোর মাধ্যমে বিজেপি জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে। অন্যদিকে, দেবাশিস কুমার জানিয়েছেন যে তিনি তদন্তে সবরকম সহযোগিতা করছেন, তবে একে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব।