৮৫০০ কিমি গতিতে ধেয়ে আসবে মৃত্যু! শৌর্য এনজি-র ‘ছদ্ম-ব্যালিস্টিক’ ম্যাজিকে কাঁপছে ড্রাগন

ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে ডিআরডিও (DRDO)। ধেয়ে আসছে ভারতের গোপন অস্ত্র ‘শৌর্য এনজি’ (Next Generation)। এটি এমন এক হাইপারসনিক ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে সাত গুণ বেশি গতিতে (ম্যাক ৭) শত্রুর ওপর আছড়ে পড়বে। অর্থাৎ, ঘণ্টায় প্রায় ৮৫০০ কিলোমিটার গতিতে উড়বে এই মারণাস্ত্র।

শৌর্য এনজি-র সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এর ‘ছদ্ম-ব্যালিস্টিক’ গতিপথ। এটি সাধারণ ক্ষেপণাস্ত্রের মতো সরলরেখায় না গিয়ে মাঝ আকাশে বারবার নিজের দিক পরিবর্তন করতে পারে। ফলে শত্রুপক্ষের অ্যান্টি-মিসাইল সিস্টেম বা রাডার একে ট্র্যাক করতে গিয়ে কার্যত অন্ধ হয়ে যাবে। লক্ষ্যবস্তুতে আঘাত হানার শেষ ৩০ থেকে ৬০ সেকেন্ডে এটি এতটাই আকস্মিক মোড় নেয় যে, একে আটকানো অসম্ভব। এই ক্ষেপণাস্ত্রটি ‘কোল্ড লঞ্চ’ প্রযুক্তি ব্যবহার করে, যা মাত্র ৫ মিনিটের মধ্যে ভ্রাম্যমাণ প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা সম্ভব। ১০ থেকে ১৫ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণ ছাড়াই এটি যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকতে পারে। ভারতের এই নতুন হাইপারসনিক শক্তি এশিয়ায় প্রতিরক্ষা ভারসাম্য বদলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।